স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন হোসেনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ভাই জাহাঙ্গীর ও আলমগীরসহ অপর সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গত শুক্রবার পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা শহরে সংবাদ সম্মেলন করে মামুনের পরিবারের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।গত শুক্রবার সকাল ১০টায় নিহতের মামা কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইউসুফ আলীর এতিমখানা এলাকার বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মামুনের স্ত্রী, মা, ভাই, দুই সন্তান ও স্বজনেরা উপস্থিত ছিলেন।মামুনের স্ত্রী শাহিদা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বাড্ডার আনন্দনগর সমাজ উন্নয়ন সমিতির কার্যালয়ের সামনে দুই সহোদর সন্ত্রাসী জাহাঙ্গীর ও আলমগীরের নেতৃত্বে তাঁর স্বামীকে হত্যা করা হয়। সংবাদ সম্মেলনের শেষে পরিবারের পক্ষ থেকে মামুন হত্যাকান্ডের ঘটনায় জড়িত আলমগীর ও জাহাঙ্গীরসহ অন্যান্য সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ঢাকায় ময়নাতদন্ত শেষ হওয়ার পর মামুনের লাশ শুক্রবার সকালে কলাপাড়া নিয়ে আসা হয়। ওইদিন দুপুরে কলাপাড়া পৌর শহরের এতিমখানা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মামুন হোসেনের গ্রামের বাড়ি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে। তার বাবার নাম নূর মোহাম্মদ। তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের ফুপাতো বোনের ছেলে। মামুন সপরিবারে বাড্ডার আনন্দনগরে থাকতেন এবং ইট-বালুর ব্যবসা করতেন। তিনি ঢাকা মহানগরের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।