মামুনের অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলীতে দুর্বৃত্তদের হামলার শিকার গণজাগরণ মঞ্চের কর্মী প্রকৌশলী রাকিব আল মামুনের (২৭) অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷
মামুন গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামলীর পিসি কালচার হাউজিং এলাকায় নিজ কর্মস্থল পার্ল কনস্ট্রাকশনের দপ্তরের নিচে হামলার শিকার হন। কয়েকজন যুবক তাঁকে প্রথমে রড দিয়ে পেটান৷ পরে গুলি করে পালিয়ে যান৷ তাঁর স্বজন ও বন্ধুদের অভিযোগ, জামায়াত-শিবিরের বিরোধিতা করার কারণেই তাঁর ওপর এ হামলা হয়েছে।
মামুনের আত্মীয় মো. সায়েম গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, মামুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁর শরীরে তিনটি গুলি লেগেছে, ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে।
যোগাযোগ করা হলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। মামুন গণজাগরণ মঞ্চের একনিষ্ঠ সমর্থক ছিলেন। তবে তিনি তাঁকে চিনতেন না৷
ইমরান বলেন, ‘ঘটনা শোনার পর তাঁর (মামুন) ফেসবুক প্রোফাইল ও লেখা দেখে মনে হয়েছে, তিনি তীব্রভাবে যুদ্ধাপরাধীদের বিচার চাইতেন। জামায়াত-শিবিরের কিছু কর্মীর সঙ্গেও অনলাইনে তাঁর বিতণ্ডা চলছিল।’
মামুনের ওপর হামলার ঘটনায় গতকাল রাত পর্যন্ত মোহাম্মদপুর থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘কেউ অভিযোগ দিতে এলে আমরা মামলা নেব।’
গত বছরের ১৪ জানুয়ারি রাতে উত্তরায় নিজ কার্যালয়ের সামনে ব্লগার আসিফ মহিউদ্দীনকে কুপিয়ে গুরুতর আহত করেন উগ্র মৌলবাদী সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের সদস্যরা। এর এক মাস পর ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর পলাশনগরে নিজ বাড়ির দেয়ালের পাশে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। মামুনের বন্ধু ও স্বজনদের দাবি, এসব হামলা ও মঙ্গলবার মামুনের ওপর হামলার ঘটনা একই সূত্রে গাঁথা।