মামুনের অবৈধ অর্থ লেনদেনের আরেক মামলার বিচার শুরু
যুক্তরাজ্যে অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে আরও একটি মামলার বিচারকাজ শুরু হলো। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।গিয়াসউদ্দিন আল মামুন মামলা থেকে অব্যাহতির আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। আদালত ১৮ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। কারাগারে আটক আসামি গিয়াসউদ্দিন আল মামুনকে গতকাল আদালতে হাজির করা হয়। অভিযোগ পড়ে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। গত বছরের ২২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বিটিএল ও গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলী রেলওয়ের সিগন্যালিং আধুনিকীকরণের কাজ পান। তবে গিয়াসউদ্দিন আল মামুন কার্যাদেশ বাতিলের হুমকি দিয়ে এ জন্য ঘুষ দাবি করেন। মামুন ২০০৩ থেকে ২০০৬ সালের বিভিন্ন সময় চার লাখ ১৮ হাজার ৮৫৩ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ছয় কোটি টাকা) নিয়ে তা যুক্তরাজ্যের ন্যাটওয়েস্ট ব্যাংকে পাচার করেন।গত ২৯ এপ্রিল দুদক মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অভিযোগপত্র দেয়। ১৫ মে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। একই আদালতে মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে আরও একটি মামলার বিচারকাজ চলছে।উল্লেখ্য, বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলের দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচিত মামুন। এরপর তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থ পাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা হয়। কয়েকটি মামলায় জামিন না হওয়ায় কারাগারে আছেন মামুন।