মামুনের পক্ষে সাফাই সাক্ষ্য দিলেন পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা অর্থ পাচারের মামলায় গতকাল বৃহস্পতিবার মামুনের পক্ষে পাঁচজন সাফাই সাক্ষ্য দিয়েছেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোতাহার হোসেন সাফাই সাক্ষ্য গ্রহণ করেন। বাকি তিনজনের সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
গতকাল সাফাই সাক্ষ্য দেন মামুনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়ান গ্রুপের আয়কর উপদেষ্টা আহম্মেদ আজম খান, ওয়ান কম্পোজিট মিলের পরিচালক নাসির উদ্দিন মিয়া ও এনামুল হক, ওয়ান টেক্সের পরিচালক আবেদন হাসান মাহমুদ এবং ওয়ান স্পিনিং মিলের পরিচালক এ এইচ এম জাহাঙ্গীর।
গত ২৮ অক্টোবর মামুন আদালতে আত্মপক্ষ সমর্থন এবং নিজেকে নির্দোষ দাবির পর তাঁর পক্ষে ২৪ জন সাফাই সাক্ষীর তালিকা দাখিল করেন। আদালত তাঁদের মধ্যে আটজনকে সাফাই সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন।
কারাগারে আটক মামুনকে গতকাল আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, জিয়াউদ্দিন, সৈয়দ জয়নুল আবেদীন, নুরুজ্জামানসহ ৪০-৪৫ জন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্র ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপস্থিত ছিলেন সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু, মোশাররফ হোসেন, মাহমুদ হোসেন, তাপস কুমার পাল, এফ এম রিজাউর রহমান প্রমুখ।
এ মামলার অপর আসামি তারেক রহমান নথিদৃষ্টে পলাতক রয়েছেন। এ মামলায় ২০১১ সালের ৬ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। একই বছরের ৮ আগস্ট তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
২০০৯ সালের ২৬ অক্টোবর দুদক ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কার্যাদেশ পাইয়ে দেওয়ার কথা বলে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। মামুন ওই অর্থ সিঙ্গাপুরের একটি ব্যাংকে তাঁর হিসাবে জমা করেন। ওই টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন।