মামুনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় জেরা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের অর্থ পাচার মামলায় বাদীকে আংশিক জেরা করা হয়েছে। গতকাল সোমবার মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম আংশিক জেরা করেন। বিচারক মো. মোতাহার হোসেন ২৫ জুলাই বাকি জেরার জন্য দিন ধার্য করেন। বাদীকে জেরার সময় আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২০১১ সালের ২২ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, বিটিএল ও গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলী রেলের সিগন্যালিং আধুনিকীকরণের কাজ পান। কিন্তু কার্যাদেশ চূড়ান্ত করার সময় মামুন তাঁর কাছে অবৈধভাবে কমিশন দাবি করেন। নতুবা কার্যাদেশ বাতিলের হুমকি দেন। হুমকি দিয়ে মামুন ওই ঠিকাদারের কাছ থেকে ছয় কোটি টাকার বেশি আদায় করেন।