অর্থ পাচারের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে বাংলাদেশি টাকায় অন্তত পাঁচ কোটি টাকা ব্রিটেনে পাচারের অভিযোগে এ মামলা করা হয়।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম।ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, গিয়াসউদ্দিন আল মামুন ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে কয়েক দফায় বাংলাদেশ থেকে চার লাখ ১৮ হাজার ৮৫৩ ব্রিটিশ পাউন্ড ব্রিটেনে পাচার করেন। এ কারণে এ মামলা করেছে দুদক। এদিকে দুদকের প্রাথমিক অনুসন্ধানে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এর আগে ২০০৯ সালের ২৬ অক্টোবর মামুন ও তারেক রহমানের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগ এনে মামলা করে দুদক। তদন্ত শেষে গত ৬ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই মামলার অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হয়। বর্তমানে এটি বিচারাধীন রয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩০ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন মামুন। এরপর তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থ পাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টিরও বেশি মামলা হয়। কয়েকটি মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় তিনি এখনো কারাবন্দী রয়েছেন।