মামুনের মৃত্যু হয়েছে হেরোইন খেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আব্দুল্লাহ আল মামুনের (৩২) মৃত্যু নিয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। পুলিশের দাবি, মামুন একজন মাদক ব্যবসায়ী। আটকের পর গুঁড়ো হেরোইন খেয়েই তিনি মারা যান। তাঁর পরিবার বলছে, তারা এ ব্যাপারে কিছুই জানে না। পুলিশ জানিয়েছে, ডিবির এক নারী কর্মকর্তার নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে তেজগাঁও এলাকার এফডিসির সামনে পুলিশের তল্লাশির সময় একটি গাড়িসহ মামুনকে আটক করা হয়। এ সময় তিনি পকেটে থাকা সাদা গুঁড়ো পদার্থ (সম্ভবত হেরোইন) খেয়ে ফেলেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। আটক করা গাড়ি থেকে ৪২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান জানান, হেরোইন গিলে ফেলার পর মামুনের চোখ লাল হয়ে যায়। তিনি বমিও করেন। পুলিশ প্রথমে তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে নেয়। সেখানকার চিকিৎসকেরা পাকস্থলী পরিষ্কারের পরামর্শ দেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।অতিরিক্ত উপকমিশনার জানান, এ ঘটনায় আটক গাড়ির চালক শাহীনকে পুলিশ আটক করেছে। শাহীন পুলিশকে জানিয়েছেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে একটি ভাড়ায় চালিত গাড়ি চালিয়ে আনতে হবে বলে মামুন তাঁকে ঢাকা থেকে নিয়ে যান। এরপর বৃহস্পতিবার তিনি গাড়ি চালিয়ে ঢাকায় আনেন। গাড়িতে কখন ফেনসিডিল ওঠানো হয়েছে এ বিষয়ে কিছু জানেন না বলে পুলিশকে জানান।এ ব্যাপারে শাহীন ও মামুনকে আসামি করে শিল্পাঞ্চল থানায় মাদক আইনে একটি ও মামুনের মৃত্যুর বিষয়ে শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামুনের মৃত্যুর বিষয়ে তাঁর ভগ্নিপতি জহিরুল ইসলাম বলেন, তিনি কীভাবে মারা গেছেন সে বিষয়টি তাঁরা ভালো জানেন না।গতকাল বিকেলে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে বলা হয়, নিহতের ঠোঁটের আশপাশে কালো দাগ রয়েছে। মুখ থেকে লালা নির্গত হচ্ছিল। ডান গালে ও থুতনির নিচে কালো ছিলা জখম পাওয়া গেছে। পায়ের তালু হলুদ ও দুই হাতের তালু নীল ছিল।