মাম্যাচিং মারমার সদস্যপদ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশ উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির আদিবাসীবিষয়ক কেন্দ্রীয় সম্পাদক মাম্যাচিং মারমার সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে।
সন্তোষজনক কারণ দর্শানো সাপেক্ষে সদস্যপদ পুনর্বহাল না-হওয়া পর্যন্ত তাঁকে কেন্দ্রীয় সম্পাদকের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে বলে গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মাম্যাচিংয়ের সদস্যপদ স্থগিতের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেছেন, দলীয় নিয়ম অনুযায়ী তাঁকে কারণ দর্শাতে বলা হবে। তিনি সন্তোষজনক জবাব দিতে পারলে সদস্যপদ পুনর্বহাল হবে। আর জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সদস্যপদ পুনর্বহাল হলে আদিবাসীবিষয়ক সম্পাদকের পদের দায়িত্বও স্বাভাবিকভাবে পুনর্বহাল হবে।
দলীয় সূত্রগুলো জানিয়েছে, রিজভী আগেও কয়েকবার দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে ফোনে মাম্যাচিংকে সতর্ক করেছিলেন। গত ৯ মার্চ তাঁকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।
আদিবাসীবিষয়ক কেন্দ্রীয় সম্পাদক মাম্যাচিং কারণ দর্শানো নোটিশ বিলম্বে পেয়েছেন স্বীকার করলেও সদস্যপদ স্থগিতের বিষয়টি তাঁর জানা নেই দাবি করে বলেছেন, ৯ মার্চে দেওয়া ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানো নোটিশটি পেয়েছেন ১৭ মার্চ। সময় অতিক্রান্ত হওয়ায় জবাব দিতে পারেননি। সদস্যপদ স্থগিতের ব্যাপারে কোনো জবাব দিতে বলা হলে কোন প্রেক্ষাপটে কোন প্রার্থীকে সমর্থন দিয়েছেন ও প্রচারণা চালিয়েছেন বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে তিনি মন্তব্য করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেছেন, মাম্যাচিং কারণ দর্শানো নোটিশ দেওয়ার পরও তিনি বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করেছেন বলে তিনি দাবি করেন।