মায়ার মন্ত্রিত্ব চ্যালেঞ্জ করে রিট আবেদন শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি আজ মঙ্গলবার।
রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ বলেন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার রিট আবেদনটির ওপর শুনানি হবে। মোফাজ্জল হোসেন চৌধুরী কোন কর্তৃত্ববলে এখনো মন্ত্রী ও সংসদ সদস্য পদে আছেন, তা জানতে চেয়ে রুলের আরজি জানিয়ে ৭ জুলাই রিট আবেদনটি করেন ইউনূস আলী আকন্দ।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে করা মামলায় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি মোফাজ্জল হোসেন চৌধুরীকে ১৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। ২০০৯ সালে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট তাঁকে খালাস দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ১৪ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেন।
আপিল বিভাগের এ রায়ের পর মোফাজ্জল হোসেন চৌধুরীর মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপর গত ৩০ জুন মায়াকে আইনি নোটিশ পাঠান ইউনূস আলী আকন্দ। নোটিশে তিনি জানতে চান, দুর্নীতির মামলা থেকে খালাসের রায় সর্বোচ্চ আদালতে বাতিল হওয়ার পর কোন কর্তৃত্ববলে মায়া এখনো মন্ত্রী ও সংসদ সদস্য পদে রয়েছেন। ওই নোটিশের কোনো জবাব না পাওয়ায় পরে তিনি রিট আবেদনটি করেন।