মায়ার মন্ত্রিত্বের প্রশ্নে করা রিটে বিভক্ত আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদ চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল দিলেও অপর বিচারপতি আবেদনটি খারিজ করেছেন।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ বিভক্ত আদেশ দেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
নিয়ম অনুসারে, বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি তা নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠাবেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার দায়ে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি মোফাজ্জল হোসেন চৌধুরীকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। ২০০৯ সালে ওই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট তাঁকে খালাস দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৪ জুন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে মামলাটি নতুন করে শুনানির নির্দেশ দেন।
আপিল বিভাগের এ রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দাবি করেছিলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মন্ত্রী ও সংসদ সদস্যপদে থাকতে পারেন না। কারণ, তিনি নৈতিকতার স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং আপিলে এখনো নির্দোষ প্রমাণিত হননি। অন্যদিকে মোফাজ্জল হোসেন চৌধুরীর আইনজীবী আবদুল বাসেত মজুমদার দাবি করেছিলেন, মামলাটি এখনো বিচারাধীন থাকায় মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদ নিয়ে কোনো প্রশ্ন নেই।
এদিকে মোফাজ্জল হোসেন চৌধুরীর মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদ চ্যালেঞ্জ করে গত ৭ জুলাই হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। রিটে কোন কর্তৃত্ববলে মোফাজ্জল হোসেন চৌধুরী এখনো মন্ত্রী ও সংসদ সদস্যপদে আছেন, তা জানতে রুলের আরজি জানানো হয়। জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে এতে বিবাদী করা হয়।
গতকাল আদালতের আদেশের পর ইউনূছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, শুনানি শেষে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল দিয়েছেন। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে হবে। আর বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন।