মায়ারদোন নদীতে সেতুর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার মায়ারদোন নদীর ওপর সেতু চালু হয়েছে। গতকাল শুক্রবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সেতুটি উদ্বোধন করেন। এই সেতুটি চালু হওয়ায় চার লাখ মানুষের যোগাযোগ সহজ হবে। আগে উপজেলার চারটি ইউনিয়নের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা। দিন শেষ হতো চরফ্যাশন শহর ও ভোলা শহরে যেতে-আসতে। এখন কয়েক ঘণ্টায় কৃষকেরা তাঁদের কৃষিপণ্য বিক্রি করাসহ কাজ সেরে বাড়ি ফিরতে পারবেন। 
ভোলা জেলা কৃষি কর্মকর্তা রামেন্দ্র চন্দ্র বাড়ৈ বলেন, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচ ও শশীভূষণ থানার ৯০ ভাগ মানুষ কৃষিনির্ভর। সেখানে ১২ মাস কয়েক লাখ হেক্টর জমিতে তরমুজ, ধান, বাদাম, ডাল, মরিচসহ নানা রকম সবজি চাষ হয়; যা ভোলার বাইরের জেলায় যায় সড়ক ও নদীপথে। মায়ারদোন সেতুটি নির্মাণ হওয়ার আগে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য কমমূল্যে এলাকায় বসে বিক্রি করতেন। দক্ষিণ আইচা-শশীভূষণ-চরফ্যাশন সড়ক ও দক্ষিণ আইচা-শশীভূষণ-লালমোহন-ভোলা সড়কের মাঝে মায়ারদোন সেতু নির্মাণ হওয়ায় ওই এলাকার কয়েক লাখ কৃষক চরফ্যাশন বাজার, ভোলা বাজার, লালমোহন উপজেলার বড় বাজারসহ জেলার বাইরে তাঁদের কৃষিপণ্য বিক্রি করতে পারবে ন্যায্যমূল্যে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুস সালাম ও নবারুন ট্রেডার্সের ঠিকাদার হারুন অর রশিদ বলেন, প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে ৩৭৯ মিটার লম্বা, ১২ মিটার উঁচু সেতুটির কাজ ২০১১ সালে শুরু হয়। এটি জেলার সবচেয়ে উঁচু ও লম্বা সেতু।