মায়েদের অবস্থার সূচকে বাংলাদেশ ১৩০তম
বিশ্বে মায়েদের অবস্থা সূচকে বাংলাদেশের অবস্থান নাজুক ও অপরিবর্তিতই রয়ে গেছে। মায়েদের পরিস্থিতি নিয়ে ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এ বছর ১৩০তম। গত বছরও এ একই অবস্থানে ছিল বাংলাদেশ। তবে প্রতিবেশী ভারতের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। খবর এএফপির।
সেভ দ্য চিলড্রেনের ‘ওয়ার্ল্ডস মাদার্স রিপোর্ট ২০১৫’ থেকে গতকাল মঙ্গলবার এ তথ্য জানা গেছে। তালিকায় শীর্ষ পাঁচটি অবস্থানই
দখল করে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। এসব দেশ হলো—নরওয়ে (প্রথম), ফিনল্যান্ড (দ্বিতীয়), আইসল্যান্ড (তৃতীয়), ডেনমার্ক (চতুর্থ) ও সুইডেন (পঞ্চম)।
বার্ষিক এ প্রতিবেদনে সেভ দ্য চিলড্রেন বলেছে, মায়েদের অবস্থা নির্ণয়ে মা এবং শিশুর স্বাস্থ্য, এবং মায়ের শিক্ষাগত, অর্থনৈতিক ও সামাজিক অবস্থান—এ চারটি বিষয়ের ওপর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়েছে। সবগুলোতে শক্ত অবস্থানে থাকায় তালিকার শীর্ষস্থান দখল করেছে নরওয়ে। দেশটির বার্ষিক মাথাপিছু আয় ৯০ হাজার মার্কিন ডলার এবং দেশটির পার্লামেন্টে ৪০ শতাংশ প্রতিনিধিত্ব রয়েছে নারীদের।
তালিকার সর্বনিম্নে সোমালিয়া। নিচের দিক থেকে অন্য চারটি দেশ যথাক্রমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মালি ও নাইজার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, ঘানা, কেনিয়া, মাদাগাস্কার, নাইজেরিয়া, পেরু, রুয়ান্ডা, ভিয়েতনাম ও জিম্বাবুয়েতে ধনী এবং দরিদ্র শিশুদের বেঁচে থাকার হারে ব্যাপক পার্থক্য রয়েছে। এসব দেশে ধনী শিশুদের তুলনায় দরিদ্র শিশুদের মৃত্যুর আশঙ্কা তিন থেকে পাঁচ গুণ বেশি।
এদিকে গত বছর তালিকায় ১৩৭তম অবস্থান থেকে এবার তিন ধাপ পিছিয়ে ভারতের অবস্থান ১৪০-এ এসেছে।