মায়েদের কাছে ভোট চাইলেন আনিসুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-পাকিস্তান খেলা দেখতে গতকাল স্টেডিয়ামে যান মেয়র প্রার্থী আনিসুল হক l ছবি: প্রথম আলো
বাংলাদেশ-পাকিস্তান খেলা দেখতে গতকাল স্টেডিয়ামে যান মেয়র প্রার্থী আনিসুল হক l ছবি: প্রথম আলো

বেলা সাড়ে ১১টা। মিরপুর পাইকপাড়া নতুন বাজার সড়ক। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক দিনের প্রচারণা তখন কেবল শুরু করেছেন। প্রচার দলের মিছিল আর জটলায় বেশ কিছু রিকশা আটকা পড়েছে। স্কুলপড়ুয়া শিশুরা মায়ের পাশে রিকশায় বসে দেখছিল তা। আচমকা আনিসুল হক এসে শিশুদের তাঁর সঙ্গে ‘হাই ফাইভ’ (হাতে হাত মেলানো) করার আহ্বান জানান। শিশুরা হাত বাড়িয়ে দেয়। এভাবেই চলে বেশ কয়েকজনের সঙ্গে। সঙ্গে ভোট চাইলেন মায়েদের কাছে।
গতকাল রোববার সকালে আনিসুল হক মিরপুর বাঙলা কলেজের সামনে নামলে সেখানকার ছাত্রলীগ মিছিল করে তাঁকে পাইকপাড়ার দিকে নিয়ে যায়। উল্টো দিক থেকে স্থানীয় সাংসদ আসলামুল হকের নেতৃত্বে আরেকটি মিছিল এসে যোগ দেয়। এরপর পাইকপাড়া নতুন বাজারের পাশ দিয়ে কল্যাণপুর বস্তিতে গিয়ে পথসভা করেন তিনি।
আনিসুল হক বাঙলা কলেজের সামনে থেকে প্রচারণার সময় তাঁর নির্বাচনী প্রতীক টেবিল ঘড়ির আদলে ককসিটের তৈরি একটি বিরাট ঘড়ি ছিল। এটি একটি মিনি ট্রাকের চালকের আসনের ওপরে স্থাপন করা হয়েছে। উচ্চতা এতই বেশি যে এটি বিভিন্ন প্রার্থীর পোস্টার টানানোর জন্য বাঁধা দড়িতে আটকে যাচ্ছিল। পরে লাঠি দিয়ে দড়ি উঁচু করে করে গাড়িটি চলেছে। আনিসুল হক ও তাঁর প্রচার দলের কয়েকজন ঘড়ি বহনকারী গাড়িতে চড়ে বক্তৃতা করেন এবং মানুষের কাছে ভোট চান।
কল্যাণপুর বস্তি থেকে বেরিয়ে কল্যাণপুর মার্কেট ও বাসস্ট্যান্ড এলাকায় জনসংযোগ করেন আনিসুল হক। এরপর তিনি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখেন। স্টেডিয়ামের গেটে তিনি ভোট প্রার্থনা করেন। বিকেলে মিরপুর ১৩ নম্বরে পথসভা করেন। রূপনগর এলাকায় গণসংযোগের মধ্যমে দিনের কর্মসূচি শেষ করেন আনিসুল হক।