ঘূর্ণিঝড় মহাসেনে বরগুনার ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোর দুধের শিশুরা দুধ পাচ্ছে না। ১৬ মে ঘূর্ণিঝড়ের পর থেকে খাবার-আশ্রয়ের জন্য তাদের অভিভাবকেরাই সারাক্ষণ উদ্গ্রীব। অনেক মা ঠিকমতো খাবার পাচ্ছেন না। এর প্রভাব পড়ছে দুগ্ধপোষ্য শিশুদের ওপর।
ঢাকা শিশু হাসপাতালের সাবেক উপপরিচালক, শিশু ও পুষ্টিবিশেষজ্ঞ মাহবুবুল হাসান জানান, হঠাৎ মায়ের দুধ না পেলে শিশু প্রোটিন অ্যানার্জি ম্যালনিউট্রেশন (পিইএম) রোগে আক্রান্ত হবেই। এতে শিশুর ডায়রিয়া, নিউমোনিয়া, শরীরে পানি জমাসহ মারাত্মক রোগ হতে পারে। বাচ্চা টানা তিন সপ্তাহ বুকের দুধ না পেলে দুধ শুকিয়ে যাবে। এ জন্য দুর্গত এলাকার দুগ্ধপোষ্য শিশুর মায়েদের পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করা জরুরি।
২৬ মে দুপুরে সদর উপজেলার নলটোনা গ্রামে গিয়ে দেখা যায়, হনুফা আক্তারের (২০) দেড় বছর বয়সী ছেলে মেহেদির মুখ শুকিয়ে আছে। হনুফা বলেন, ‘কয়দিন ধইর্যা পোলাডায় প্যাট ভইর্যা দুধ পায় না। নিজেই খাইতে পারি না, ও ক্যামনে খাইবে।’ পাশেই হনুফা বেগমের (১৭) কোলে ২৫ দিন বয়সী শিশু সাদিয়া। হনুফা আরও বলেন, ‘বইন্যায় ঘর যাওনের পর খোলা আকাশের নিচে থাহি। রাইতে ঘুম অয় না। এক বেলার খাওন এহন তিন বেলায় ভাগ কইর্যা খাই। মাইয়্যাডা দুধ পায় না বলে খিদায় খালি চিড়হায়।’ ফাতেমা বেগম, ছবি বেগম, বিউটি আক্তার, মাসুরা বেগম, আকলিমা বেগমসহ অনেকে একই রকম কথা জানান। তাঁদের প্রত্যেকেরই দুগ্ধপোষ্য শিশু আছে।
অভুক্ত শিশুদের এমন দুর্দশার চিত্র কেবল নলটোনা গ্রামে নয়, বরগুনার প্রায় সব এলাকাতেই। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় শূন্য থেকে দুই বছর বয়সী শিশুর সংখ্যা ৪৭ হাজার ৭৩৬।
তালতলী উপজেলার তাঁতীপাড়া গ্রামের রিনা আক্তারের সন্তান মারিয়ার বয়স আট মাস। ঝড়ে ঘরদোর তছনছ হওয়ার পর শূন্য ভিটায় পরিবার নিয়ে পানিবন্দী আছেন। রিনা জানান, কম খাওয়ায় বাচ্চা দুধ পায় না।
সিভিল সার্জন এ এইচ এম জহিরুল হক জানান, সব দুর্যোগেই নারী ও শিশুরা বেশি দুর্দশায় থাকে। দুর্যোগকালীন ও পরে নারী ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টির ব্যাপারে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এখন দুগ্ধপোষ্য বাচ্চা আছে, এমন নারীদের খাবার নিশ্চিত করা না গেলে শিশুরা দীর্ঘমেয়াদি সমস্যায় পড়বে।