মায়েদের রক্তশূন্যতা রোধে ১০ জেলায় কার্যক্রম জোরদার করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়েদের রক্তশূন্যতা রোধে দেশের ১০টি জেলায় আয়রনফলিক অ্যাসিড ওষুধ সরবরাহের কাজ জোরদার করবে সরকার। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বেসরকারি সংস্থা মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভ (এমআই)–এর কর্মশালায় এ ঘোষণা দেওয়া হয়। সরকারি ব্যবস্থাপনায় এখনো সারা দেশে এ ওষুধ বিনা মূল্যে সরবরাহ করা হয়ে থাকে।
এমআই ২০১৪ সালে নরসিংদী ও সাতক্ষীরায় একটি দিশারি প্রকল্প চালায়। ওই প্রকল্পের আওতায় নারীদের আয়রনফলিক অ্যাসিডের প্রয়োজনীয়তা সম্পর্কে জানানো হয়। পাশাপাশি ওই জেলা দুটিতে নারীরা যাতে সহজেই প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছাতে পারেন এবং পর্যাপ্ত ওষুধ পান, সেই ব্যবস্থা করা হয়। প্রকল্পটি শেষে দেখা গেছে, আগে নরসিংদীতে ৩৩ শতাংশ নারী আয়রনফলিক অ্যাসিড ওষুধ খেতেন, প্রকল্প চলার সময় ৮৮ শতাংশ নারী এ ওষুধ খেয়েছেন। সাতক্ষীরায় এই হার ৩৮ শতাংশ থেকে বেড়ে ৮০ শতাংশ হয়েছে।
গতকাল কর্মশালায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের সারা দেশে একই ধরনের কর্মসূচি চালানোর কথা বলেন। প্রথম দফায় ১০টি জেলায় এমআইয়ের সহযোগিতায় এ কাজ চলবে। জেলাগুলো হলো গাইবান্ধা, জামালপুর, বরিশাল, যশোর, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও শেরপুর।
বাংলাদেশ স্বাস্থ্য ও জনমিতি জরিপ ২০১১ বলছে, দেশের ৫০ শতাংশ নারী রক্তশূন্যতায় ভুগছে। গর্ভধারণের পর থেকে সন্তান জন্মের ২৭০ দিন পর পর্যন্ত আয়রনফলিক অ্যাসিড খেলে রক্তশূন্যতা এড়ানো যায়। রক্তশূন্যতার কারণে অপরিণত শিশু, অল্প ওজনের শিশু জন্মানোসহ মায়ের মৃত্যু হয়।
এমআই বলছে, প্রকল্পের আওতাভুক্ত জেলায় যেসব নারী গর্ভকালীন সময়ে স্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে যান, তাঁদের ৯৪ শতাংশ নারীই আয়রনফলিক অ্যাসিড খাওয়ার পরামর্শ পেয়েছেন। ওই প্রকল্পের আওতায় এমআই আয়রনফলিক অ্যাসিড ওষুধ কেনার প্রক্রিয়ায় সরকারকে সহযোগিতা করেছে। ২০১১ সালে প্রয়োজনের ৫০ শতাংশ ওষুধ কেনা হয়েছিল, এটি বেড়ে ৮০ শতাংশ হয়েছে ২০১৪ সালে। এমআইয়ের আঞ্চলিক পরিচালক জন ম্যাককালাও বাংলাদেশ সরকারকে আয়রনফলিক অ্যাসিড সরবরাহে সহযোগিতার আশ্বাস দেন। কর্মশালায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এমআইয়ের এদেশীয় পরিচালক এস এম মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।