মায়ের ওড়না দিয়ে বোনের সামনে ভাইকে হত্যা
তিন বছরের বোনের সামনে আট বছরের ভাইকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর শিশুটিকে গলায় মায়ের ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
আজ রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মো. হৃদয়। তার বয়স আট বছর। দিনাজপুরের কোতোয়ালি থানার ফুলপুর জাঞ্জিরা এলাকার আবদুল মালেক ও সাবানা আক্তারের ছেলে হৃদয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রতি দিনের মতো আজ সকাল সাতটার দিকে হৃদয়ের কাছে তিন বছরের মেয়ে মাসুদা আক্তারকে রেখে মা ও বাবা বাইরে কাজে চলে যান। সকাল নয়টার দিকে মাসুদার কান্না শোনেন প্রতিবেশীরা। ঘরে গিয়ে তারা গলায় ওড়না প্যাঁচানো ও ঘরের আড়ার সঙ্গে বাঁধা অবস্থায় শিশু হৃদয়ের লাশ দেখতে পান। লাশটির পা খাটের সঙ্গে ঠেকানো ছিল।
নিহত হৃদয়ের মা সাবানা আক্তার বলেন, ‘আমার ছেলেকে আমার ওড়না পেঁচিয়ে মেরে ফেলেছে। ছেলের হত্যাকারীদের বিচার চাই।’
হৃদয়ের দাদা রজব আলী বলেন, বাড়ির অন্য ভাড়াটেদের ধরলেই খুনিকে ধরা যাবে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ছেলেটির গলায় ওড়না বেঁধে ঘরের আড়ার সঙ্গে ঝোলানো ছিল। মাথা ওপরের দিকে তাকানো এবং ছেলেটির হাঁটু বিছানার সঙ্গে লাগানো ছিল। এতে স্পষ্ট বোঝা যায়, কেউ ছেলেটিকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
হৃদয়ের বাবা আবদুল মালেক রাজমিস্ত্রির কাজ করেন। মা সাবানা আক্তার মৌচাক এলাকার হাইড্রো-অক্সাইড নামের একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁরা কালিয়াকৈর উপজেলার শিয়ালপাড়া এলাকায় জামিলার বাড়িতে ভাড়া থাকেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজীব শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।