মায়ের কবরে সমাহিত জগলুল আহমেদ চৌধূরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভানুধ্যায়ী-সহকর্মীদের শ্রদ্ধা শেষে আজ সোমবার বিকেলে আজিমপুরে মা সদরুন্নেসা চৌধুরীর কবরে সমাহিত করা হয়েছে সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীকে।

আজিমপুর নতুন কবরস্থানে সমাহিত করার সময় বরেণ্য এই সাংবাদিকের ছেলে নাবিদ আহমেদ চৌধুরী, মেয়ে অন্তরা চৌধুরী ছাড়া অসংখ্য আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবে জগলুল চৌধূরীর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা জানাজায় অংশ নেন।

গত শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বাসচাপায় মারা যান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধূরী। মৃত্যুর পর তাঁর লাশ বারডেমের হিমঘরে রাখা হয়। আজ দুপুরে সেখান থেকে জগলুল আহমেদ চৌধূরীর লাশ প্রথমে বনানী মসজিদে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজার পর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ অসৎখ্য শুভানুধ্যায়ী জগলুল আহমেদ চৌধূরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আগামী শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জগলুল আহমেদ চৌধূরীর কুলখানি অনুষ্ঠিত হবে।