মায়ের কবরে সমাহিত হলেন চাষী নজরুল
মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে মা শায়েস্তা খানমের কবরে সমাহিত হলেন প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা চাষী নজরুল ইসলাম। গতকাল সোমবার তিন দফা জানাজা শেষে বাদ আসর তাঁকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে মায়ের কবরে দাফন করা হয়।
চাষী নজরুল ইসলামের ছোট মেয়ে আন্নী ইসলাম প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি জানান, আগামীকাল বুধবার বাদ মাগরিব রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।
চাষী নজরুল ইসলামের মরদেহ সকাল সাড়ে ১০টার দিকে এফডিসিতে নেওয়া হয়। সেখানে তাঁর প্রতি চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের মানুষসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অভিনেতা রাজ্জাক, কবরী, সুচন্দা, ববিতা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, চম্পা, মিশা সওদাগর, ফেরদৌস, আমজাদ হোসেনসহ চাষী নজরুল ইসলামের দীর্ঘদিনের সহকর্মী, বন্ধুবান্ধব, কলাকুশলী ও শুভাকাঙ্ক্ষীরা।
এফডিসিতে জানাজা শেষে চাষী নজরুলের মরদেহ নেওয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে বাদ জোহর তাঁর জানাজা হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় সমষপুর গ্রামে। সেখানে বাদ আসর আরেক দফা জানাজা শেষে এই চলচ্চিত্রনির্মাতাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
গত রোববার ভোরে মারা যান গুণী এই চলচ্চিত্রনির্মাতা। বেশ কিছুদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ওরা ১১ জন নির্মাণ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন চাষী নজরুল। শরৎচন্দ্রের দেবদাস উপন্যাস অবলম্বনে দেবদাস চলচ্চিত্র নির্মাণ করে সাহিত্যভিত্তিক চলচ্চিত্রেরও সার্থক রূপকার হন। সংগ্রাম, শুভদা, হাঙর নদী গ্রেনেড, পদ্মা মেঘনা যমুনা, হাছন রাজার মতো জীবনমুখী আরও বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করে এ দেশের চলচ্চিত্রপ্রেমীদের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন তিনি। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার।