মায়ের কাছে ফিরতে চায় কিশোরীটি

অজ্ঞাতনামা এক কিশোরীকে নিয়ে বিপাকে পড়েছে নওগাঁ সদর হাসপাতাল কর্তৃপক্ষ। নওগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা অচেতন অবস্থায় গত ৫ জানুয়ারি তাকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে যান। এরপর থেকে সে হাসপাতালের মহিলা অর্থো ওয়ার্ড চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আনুমানিক ১৬ বছরের কিশোরীটি তার নাম সুমি বললেও বাবা-মায়ের নাম একেক সময় একেক রকম বলছে। বাড়ি বলছে কুষ্টিয়া। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কুষ্টিয়া থানায় যোগাযোগ করে সুমির পরিচয় নিশ্চিত হতে পারেনি।
ওয়ার্ডের ইনচার্জ নার্স নেহেরা বানু জানান, কিশোরীটি মাথায় আঘাত পেয়েছিল। ১০-১২টি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তার ডান কানের কিছু অংশ কেটে গিয়েছিল, সেখানেও সেলাই দিতে হয়েছে। এখন তার শারীরিক কোনো সমস্যা নেই, তবে মানসিক সমস্যা রয়েছে। তিনি বলেন, হাসপাতালে ভর্তি করার সময় তার গায়ে নীল জামা-পাজামা ও কালো রঙের একটি জ্যাকেট ছিল।
আরেক নার্স জাহানারা বেগম বলেন, ‘সুমি প্রতিদিনই মায়ের কাছে যাবে বলে কান্নাকাটি করে।’
মেয়েটির চিকিৎসক আরশাদ হোসেন বলেন, কিশোরীটি আগে থেকেই মানসিক ভারসাম্যহীন অথবা মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আনজুমান আরা বলেন, ‘মেয়েটিকে আমরা চরম বিপদে আছি। আমরা পুলিশ, সমাজসেবা অধিদপ্তর, গণমাধ্যম—সবার সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু তার কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না। মেয়েটির মানসিক চিকিৎসা প্রয়োজন। সব সময় তাকে নজরে রাখতে হয়।’