মায়ের কাছে যাবে, তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম ডলার। বয়স ১২ বছর। তার মাকে ছয় মাস আগে তালাক দিয়েছেন বাবা। ডলার এখন মায়ের কাছে যেতে চায়। বাবা তা চান না। এ জন্য তিন দিন ধরে ছেলের পায়ে শিকল দিয়ে চোকির পায়ার সঙ্গে বেঁধে রেখেছেন। পেটাচ্ছেন সব সময়।
শিশুটির বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামে। বাবার নাম কালু প্রামাণিক। কালু তিনটি বিয়ে করেছেন। তাঁর নির্যাতন সহ্য করতে না পেরে সব স্ত্রীই তাকে ছেড়ে চলে গেছেন। ডলারের মা কালুর দ্বিতীয় স্ত্রী ছিলেন। নাম নার্গিস পারভিন। মাস ছয়েক আগে তাঁদের ছাড়াছাড়ি হয়ে গেছে। এরপরই কালু তৃতীয় বিয়ে করেছিলেন। সেই স্ত্রীও তাঁর নির্যাতন সহ্য করতে না পেরে চলে গেছেন। এখন কালু নার্গিস পারভিনকে আবার নিতে চান, কিন্তু নার্গিস ফিরে আসতে চান না।
নার্গিসের বাবার বাড়ি একই উপজেলার নওটিকা গ্রামে। তাঁর বাবা হারেজ উদ্দিন মারা গেছেন। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরে নার্গিস এখন ভাইয়ের কাছে থাকেন। তিনি প্রথম আলোকে বলেন, নির্যাতন সহ্য করতে না পেরে তিনি সংসার ছেড়ে চলে এসেছেন। আর ফিরে যেতে চান না। তিনি যেতে সম্মত না হওয়ার কারণে তাঁর ছোট ছেলেটাকে শিকল দিয়ে বেঁধে রেখে তার বাবা পেটাচ্ছেন। আর তাঁর কাছে খবর পাঠাচ্ছেন, তিনি না আসা পর্যন্ত ছেলেকে ছাড়বেন না। নার্গিস বলেন, তাঁর নামে দুই কাঠা জমি আছে এবার কালু তাঁর জমিটুকু নিয়ে নেবেন।
খবর পেয়ে গতকাল বিকেলে কালুর বাড়িতে গিয়ে দেখা যায়, দুজন লোক তিনি পাহারায় রেখেছেন। তাঁরা কিছুতেই ক্যামেরা নিয়ে ঘরে ঢুকতে দেননি। ক্যামেরা ছাড়াই ঘরের ভেতর ঢুকতে হয়। গিয়ে দেখা যায়, ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। মুঠোফোনের আলো জ্বেলে দেখা যায়, চোকির নিচে গায়ে কাঁথা জড়ানো অবস্থায় শিশুটি পড়ে রয়েছে। তার এক পায়ে শিকল বাঁধা। ডাকলেও সে কোনো কথা বলেনি। সে চোখ মেলে তাকাতেই চাইছে না। মুঠোফোনে তার ছবি তুলতে গেলে সে বারবার কাঁথা দিয়ে পায়ের শিকল ঢেকে দিচ্ছিল। শিকলের ছবি তুলতে দিলে তার বাবা হয়তো তাকে আবার মারবেন।
এ ব্যাপারে কালুর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর এক প্রতিবেশীর সঙ্গে কালুর কথা হয়েছে। ওই প্রতিবেশী বলেন, কালু বলেছেন, মায়ের কাছে থেকে তাঁর ছেলের স্বভাব খারাপ হয়ে যাচ্ছে। সে যেখানে যায় চুরি করে। এ জন্য তিনি ছেলেকে মায়ের কাছে যেতে দিতে চান না। তার খারাপ স্বভাব ভালো করার জন্য তিনি তাকে বেঁধে রেখেছেন।