মায়ের কোল থেকে ট্রাকের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের চিকাদহ এলাকায় ট্রাকচাপায় আঁখি খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
আঁখি উপজেলার তেঘরী গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, কয়েক দিন ধরে আঁখি অসুস্থ ছিল। গতকাল সকালে ডাক্তার দেখাতে আঁখিকে নিয়ে তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে ভ্যানযোগে মেয়েকে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। পথে উপজেলা সদরের চিকাদহ নামক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়াগতির ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে আঁখি সড়কের ওপর পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে ভ্যানচালক জলিল মিয়া গুরুতর আহত হয়েছেন। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাক চালকের সহযোগী ঘুঘো আলী চালনার প্রশিক্ষণ নিতে ট্রাক নিয়ে বের হয়েছিলেন। কিন্তু প্রথম থেকেই তিনি ট্রাকের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এ দুর্ঘটনার আগে তিনি আরও দুটি ভ্যানে আঘাত করেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বলেন, ট্রাকচালক ও সহযোগীকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ জব্দ করা ট্রাকটি থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।