মায়ের কোলে বৃদ্ধ শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়েজিদের বয়স চার বছর মাত্র। কিন্তু দেখতে যেন বৃদ্ধ। চিকিৎসকেরা জানিয়েছেন, বায়েজিদ বিরল ‘প্রোজেরিয়া’ রোগে আক্রান্ত।
চিকিৎসকদের মতে, দেশে এ রোগে আক্রান্ত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এক কোটি শিশুর মধ্যে একজনের এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া পশ্চিমপাড়া গ্রামে লাভলু শিকদার ও তৃপ্তি খাতুন দম্পতির সন্তান বায়েজিদ। সম্পর্কে খালাতো ভাইবোন লাভলু ও তৃপ্তির বিয়ে হয় প্রায় ছয় বছর আগে। বিয়ের প্রথম বছরের মাথায় জন্ম হয় বায়েজিদের। জন্মের সময়ই নবজাতকের চেহারা ছিল কিছুটা অন্য রকম। ভয়ে কাছে ভিড়তে চাইত না কেউ। কিন্তু নাড়িছেঁড়া ধনকে পরম মমতায় লালনপালন করতে লাগলেন মা তৃপ্তি খাতুন। বয়স বাড়তে থাকার সঙ্গে সঙ্গে শিশুটির চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট হতে থাকে।
সম্প্রতি বায়েজিদদের বাড়িতে গিয়ে দেখা গেল, মায়ের কোলেই আছে বায়েজিদ। সারল্যমাখা চেহারা। মুখে মায়া জড়ানো হাসি। কিন্তু প্রথম দেখাতে চমকে উঠতে হয়। চেহারা প্রায় বৃদ্ধ মানুষের মতো। চোখ, মুখসহ শরীরের চামড়া ঝুলে পড়েছে।
মা তৃপ্তি খাতুন বলেন, ‘আট মাস পর্যন্ত হামাগুড়ি দিতে পারত না। অথচ তিন মাসে সব দাঁত ওঠে। হাঁটা শিখতে ওর অনেক সময় লাগে; সাড়ে তিন বছর। স্বাভাবিক চলাফেরা, খাওয়া-দাওয়া, বায়না সবই করে।’
বাবা লাভলু শিকদার বলেন, ২০১২ সালের ১৪ মে বায়েজিদের জন্ম। অনেক চিকিৎসক দেখিয়েছেন। চিকিৎসার পেছনে তিন-চার লাখ টাকা খরচ করেছেন। ক্ষুদ্র ব্যবসা আর চাষাবাদ করে কুলিয়ে উঠতে না পারায় আর চিকিৎসা করাতে পারছেন না।
মাগুরা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ জয়ন্ত কুমার কুণ্ডু প্রথম আলোকে বলেন, বিরল এ রোগে আক্রান্ত শিশুর স্বাভাবিক বৃদ্ধি হয় না। এর প্রতিষেধক বা চিকিৎসা নেই। এ পর্যন্ত দেশে বায়েজিদসহ দুজন এ রোগে আক্রান্ত বলে তিনি জানেন।
হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রোগটি জেনেটিক অসংগতি থেকে হয়। এক কোটি শিশুর মধ্যে একজনের এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশ্বে ১০০টির মতো এমন রোগীর কথা জানা যায়। শারীরিক বৃদ্ধি স্বাভাবিক থাকলেও আক্রান্ত শিশুর চামড়া বুড়ো মানুষের মতো কুঁচকানো হয়। মাথায় চুল কম থাকে বা থাকেই না।