মায়ের জন্য প্রসাদি কাপড় পেলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে গতকাল রোববার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। পরে রামকৃষ্ণ মিশনে যান। খবর বাসসের।
ঢাকেশ্বরী মন্দিরে গতকাল সকাল ৮টা ৪০ মিনিটে পৌঁছান মোদি। সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও স্থানীয় সাংসদ হাজি সেলিম মন্দিরের ফটকে তাঁকে স্বাগত জানান। এ সময় মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক এবং সাধারণ সম্পাদক নারায়ণ সাহা উপস্থিত ছিলেন।
সাদা কোর্তা ও পায়জামা পরিহিত ভারতের প্রধানমন্ত্রী মন্দিরের মূল বেদিতে প্রবেশের সঙ্গে সঙ্গে শঙ্খ, ঢাকঢোলের বাদ্য বাজিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। মোদি মন্দিরে প্রবেশ করে দেবী দুর্গার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্দিরের প্রধান সেবায়েত প্রদীপ চক্রবর্তী তাঁর সঙ্গে ছিলেন। পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে দেবী দুর্গার প্রতিকৃতিসংবলিত ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সি আর দত্ত ভারতের প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন।
ভারতের প্রধানমন্ত্রী সর্বজনীন পূজা কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি মন্দিরে শিবমন্দির পরিদর্শন করেন ও ছবি তোলেন। এ সময় অন্যান্যের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, পূজা উদ্যাপন কমিটির নেতা কাজল দেবনাথ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল ৮টা ৫৬ মিনিটে রামকৃষ্ণ মিশনের উদ্দেশে ঢাকেশ্বরী মন্দির ছেড়ে যান ভারতের প্রধানমন্ত্রী।
মোদি সকাল ৯টা ৫ মিনিটে রামকৃষ্ণ মিশনে পৌঁছান। রামকৃষ্ণ মিশনের (বেলুড় মঠ) সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ ও ঢাকা মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ তাঁকে স্বাগত জানান। মিশন প্রাঙ্গণে পৌঁছালে বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে অতিথিকে স্বাগত জানানো হয়। কপালে চন্দনের তিলক ও মাথায় ধান-দূর্বা দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। তিনটি শিশু এ সময় অতিথিকে পুষ্পস্তবক অর্পণ করে।
শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তি ও প্রতিকৃতিতে এবং শিবলিঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি কর্পূর জ্বালিয়ে কিছুক্ষণ আরতি এবং মিশনের মন্দিরে অর্ঘ্য প্রদান করেন। ঢাকা মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ ভারতের প্রধানমন্ত্রীকে বস্ত্র ও গেরুয়া রঙের উত্তরীয় তুলে দেন। এ সময় মোদির মায়ের জন্য প্রসাদি কাপড়ও উপহার হিসেবে দেওয়া হয়। এ ছাড়া মিশনের অধ্যক্ষ ভারতের প্রধানমন্ত্রীকে ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন এবং শতবর্ষী রামকৃষ্ণ মিশন স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট ও গুজরাটি ভাষায় লেখায় ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের জীবনীচরিত গ্রন্থ উপহার দেন। পরে নরেন্দ্র মোদি লালগালিচা দিয়ে হেঁটে ভক্তদের কাছে যান এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। মিশনের প্রবীণ সাধুদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি। পরে তাঁদের সঙ্গে ছবি তোলেন। এ ছাড়া সারদা দেবীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন নরেন্দ্র মোদি। সকাল ৯টা ২৫ মিনিটে তিনি রামকৃষ্ণ মিশন ছেড়ে যান।