আমার পরিবার আর্থিকভাবে তেমন সচ্ছল ছিল না। বাস্তবতা উপলব্ধির সক্ষমতা না থাকায় শৈশবে ঈদে নতুন জামার জন্য বাবা-মা কাছে বায়না ধরতাম। বাবা পুরোনো শার্টকে ইস্ত্রি করে এনে দিতেন। আর নতুন একটি স্যান্ডো গেঞ্জি দিয়ে বলতেন, যেকোনো একটি নতুন জামা হলেই ঈদ হয়।
তবে, বাবার এই সান্ত্বনাবাণীতে কাজ হতো না। মনে মনে খুবই রাগ হতো। বাবা রাগী মানুষ, তাঁকে ভয় পেতাম। তাই মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে দিতাম। প্রতিবেশী সমবয়সী ছেলেমেয়েদের গায়ে নতুন জামাকাপড় দেখে খারাপ লাগত।
বাবার অর্থিক বাস্তবতা বুঝতে শুরু করার পর খারাপ লাগার মাত্রাও কমে আসতে শুরু করে। এর মধ্যে মা-বাবাকে না জানিয়ে চোরাইপথে ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচর শহরে চলে যাই এক বাল্যবন্ধুর সঙ্গে দেখা করতে। তাঁর নাম অজয়। বহু কষ্ট করেও তাঁর ঠিকানা খুঁজে পাইনি। তবে ভাগ্যক্রমে হঠাৎ একটি পত্রিকা অফিসের সামনে অজয়ের সঙ্গে দেখা হয়ে যায়। অজয় আমাকে তাঁর কর্মস্থলে নিয়ে গেল। পরে বাসায়। অজয়ের স্থানীয় অনেক বন্ধু-বান্ধবের সঙ্গে পরিচিত হলাম।
কয়েক দিন বেড়ানোর পর আমার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে অজয়কে বললাম। অনেক বলার পর অজয় আমার চাকরির ব্যবস্থা করল। পাঁচ–ছয় মাস থাকার পর রোজা শুরু হলো। বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলাম। কিন্তু বেতনের অপেক্ষা করতে হলো। প্রতিদিন বিকেলে বরাক নদীর পাড়ে বসে থাকতাম, আর বাড়ির কথা ভাবতাম। ঈদের দুদিন আগে বেতন পেলাম। শুরু হলো বাড়ি ফেরার প্রস্তুতি। বাসে প্রথমে গেলাম করিমগঞ্জ। বাসস্ট্যান্ডে নেমে নদীর পাড়ে যাব বলে রিকশা নিলাম। রিকশাওয়ালা বুঝে গেল। জানতে চাইল, ‘আপনি কি ওপারে যাবেন’, হ্যাঁ জবাব শুনে তিনি বললেন, ‘বর্ডার খুব গরম, চোরাকারবারিদের সঙ্গে বিএসএফের মারামারি হইছে।’ অনেক অনুরোধের পর তিনি রাজি হলেন। তবে কুশিয়ারা নদীর তিন কিলোমিটার দূরে নামিয়ে দিয়ে বললেন, ‘দাদা আর যেতে পারব না।’
রিকশা থেকে নেমে একটি চায়ের দোকানে বসে চা খেলাম। চুপি চুপি চায়ের দোকানিকে বললাম ‘দাদা, ওপারে যাব। কী করা যায় একটু বলবেন?’ এরপর ওই দোকানি দীনেশ নামের একজন লোকের সাহায্য নেওয়ার পরামর্শ দিলেন। দীনেশ পেশায় আদম ব্যাপারী। পরে দীনেশের বাড়ি খুঁজে পেলাম। দীনেশদা আমাকে জানালেন, তিনি দিনের বেলায় আমাকে ওপারে পাঠাবেন না। রাত গভীর হলে যাত্রা শুরু হবে।
রাতে প্রথমে নদী পার হলাম। এরপর গাড়িতে এবং পরে লঞ্চে বাড়িতে ফিরে এলাম।