মায়ের পাশে চিরনিন্দ্রায় আয়েশা ফয়েজ

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন রত্নগর্ভা মা আয়েশা ফয়েজ। তিনি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, লেখক ও অধ্যাপক জাফর ইকবাল এবং কার্টুনিস্ট ও রম্য লেখক আহসান হাবীবের মা।
আজ রোববার সকাল ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুরে দ্বিতীয় জানাজা শেষে আয়েশা ফয়েজকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় দুই ছেলে জাফর ইকবাল ও আহসান হাবীব, মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ খ ম শফিকুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান, মোহনগঞ্জ পৌর মেয়র মাহবুবুন্নবী শেখসহ নানা পেশার মানুষ অংশ নেন। পরে বেলা সোয়া ১১টার দিকে শেখবাড়ির পারিবারিক কবরস্থানে মা খায়রুন্নেছার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
১৯৩০ সালের ২৩ মার্চ জন্ম নেওয়া এই রত্মাগর্ভা মা গতকাল শনিবার সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।