মায়ের স্বপ্নপূরণের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

যশোরের মা সুফিয়া খাতুনের স্বপ্নপূরণ হতে চলেছে। ছেলের মেডিকেলে ভর্তির পুরো টাকা ও ছাত্রাবাসে থেকে কলেজে লেখাপড়ার গোটা মাসের খরচের একটি বড় অংশ বৃত্তি হিসেবে পাওয়ার ব্যবস্থা হয়েছে।

শাড়ি-কাপড় ফেরি করে বিক্রি করে সংসার চালাতেন মা সুফিয়া বেগম। তবে স্বপ্ন ছিল অদম্য। তিনি ছেলেকে চিকিৎসক করতে চেয়েছিলেন। মেধাবী ছেলে শফিক ইসলাম শাহেদও মায়ের স্বপ্নপূরণ করতে যথাসাধ্য চেষ্টা করে চলেছেন। এ বছর ময়মনসিংহ মেডিকেল কলেজে তিনি ভর্তির সুযোগও পেয়ে যান। কিন্তু ভর্তির ১৫ হাজার টাকা জোগাড় করতে তাঁরা হিমশিম খেয়ে যান। কোনো সমিতিও একসঙ্গে এত টাকা দিতে রাজি হয়নি। এদিকে ভর্তির সময়ও কাছাকাছি এসে যাচ্ছে।
মায়ের স্বপ্ন পূরণ হবে তো?
গত বৃহস্পতিবার ‘মায়ের স্বপ্ন পূরণ হবে তো?’ শিরোনামে প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর দেশ-বিদেশের অন্তত দুই শতাধিক মানুষ প্রথম আলো কার্যালয় ও প্রতিবেদকের কাছে ফোন করে ওই মা ও ছেলের খোঁজ-খবর জানতে চান। পাঠকের আগ্রহে শফিকের নামে ডাচ-বাংলা ব্যাংক যশোর শাখায় একটি হিসাব খুলে দেওয়া হয়। গত রোববার পর্যন্ত ওই ব্যাংক হিসাবে ২৮ হাজার ৫৫৮ টাকা জমা পড়েছে। এ ছাড়া মেডিকেল কলেজে ভর্তির জন্য যশোর পৌরসভার মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে নগদ পাঁচ হাজার ও বেসরকারি সংস্থা আশা থেকে নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

মেডিকেল কলেজের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত যশোর শহরের নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে মাসিক দুই হাজার ও পৌরসভার মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে মাসিক এক হাজার করে মোট তিন হাজার টাকা বৃত্তি পাওয়ার ব্যবস্থা হয়েছে।

গত শনিবার ট্রাস্টের সদস্য সচিব শহীদ আনোয়ার ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে বৃত্তির প্রথম মাসের টাকা মা ও ছেলের হাতে তুলে দেন। এ সময় তিনি ঘোষণা দেন, মেডিকেলে লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত শফিককে প্রতি মাসে দুই হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। পৌরসভার মেয়র মারুফুল ইসলাম বলেন, ‘আমি পৌরসভার মেয়র না থাকলেও ছেলেটি মাসিক এক হাজার টাকা করে বৃত্তি পাবে।’

শফিকের মা সুফিয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলো পাশে না থাকলে ছেলেকে ডাক্তার বানানোর আশা আমার কোনোদিনই পূরণ হতো না। এখন আর কোনো সমস্যা নেই।’ যাঁরা তাঁর স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন, প্রথম আলোর মাধ্যমে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।