মায়ের হাতে হুমায়ূনের আঁকাছবি

গোধূলি বেলা। আকাশে রক্তিম আভা। ভাটি অঞ্চলেরই কোনো গ্রাম হবে। হাওরের সুবিশাল জলরাশির পারে সারি সারি গাছগাছালি। এর মাঝে একাকী একজন ছুটে চলছে। ছবির শিরোনাম ‘দিনের শেষে’। ছবিটির নিচে স্বাক্ষর—হুমায়ূন আহমেদ, ২০১২। নিজের আঁকা ছবিতে শিল্পী যেন নিজের চলে যাওয়ার আগাম বার্তা দিয়ে গেছেন। তিনি তো এখন অনতিক্রমনীয় দূরে। জননন্দিত লেখক হুমায়ূন আহমেদ যেমন উপন্যাস লিখেছেন, তেমনি তৈরি করেছেন চলচ্চিত্র, নাটক। পাশাপাশি ছবিও এঁকেছেন নানা সময়ে। বিশেষ করে জীবনের শেষ প্রান্তে ক্যানসারের চিকিৎসারত অবস্থায় নিউইয়র্কে জ্যামাইকার বাসভবনে জলরঙে কিছু ছবি এঁকেছেন তিনি। লেখকের ইচ্ছানুযায়ী মুক্তধারা ফাউন্ডেশন তাঁর এসব চিত্রকর্মের প্রদর্শনীর ব্যবস্থা করে নিউইয়র্কে। এই ছবিগুলো গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মা আয়েশা ফয়েজের হাতে তুলে দেন মুক্তধারার সভাপতি বিশ্বজিৎ সাহা। এ সময় আয়েশা ফয়েজ ছেলের স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। ঘরোয়া এই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের দুই ভাই মুহম্মদ জাফর ইকবাল, আহসান হাবীবসহ পরিবারের অন্যান্য সদস্য। ছবি মোট ২১টি। সব কটিই জলরং আঁকা। ছবিগুলোর নাম ‘ক্লান্ত দুপুর’, ‘তৃষ্ণা’, ‘সুন্দরবন’, ‘মেঘবালিকা’, ‘ফেরা’, ‘পুরানো সেই দিনের কথা’, ‘যাত্রা’, ‘ফাগুনের নবীন আনন্দে’, ‘বনমর্মর’, ‘ঝরো ঝরো মুখর বাদর-দিনে’ ইত্যাদি। ছবিগুলোতে তিনি বাংলার প্রকৃতি ও মানুষকে তুলে ধরেছেন। ‘পুষ্পকথা’ নামের একটি ছবিতে রয়েছে ফুলদানিতে সাজানো লাল, হলুদ ফুল। তৃষ্ণায় কাতর গরুর ডোবায় নেমে জলপান, সুন্দরবনের অপার সৌন্দর্য, ছিপছিপে নৌকায় ছুটে চলা একাকী মানুষ, ক্লান্ত দুপুরে প্রাচীন বটবৃক্ষের নিচে ছায়াশ্রিত যুবক, সাঁঝের বেলায় গবাদিপশু নিয়ে গ্রাম্য কিশোরীর ঘরে ফেরার দৃশ্য। একটি ছবিতে আছে আমেরিকার বসন্তের প্রকৃতি।
বিশ্বজিৎ সাহা জানান, গত বছরের ২৯ ও ৩০ জুন এবং ১ জুলাই নিউইয়র্কের আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় প্রদর্শিত হয়। এ সময় তিনি বেলভ্যু হাসপাতালের আইসিউতে ছিলেন। এ সময় মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমাদের পরিবারের বেশির ভাগ সদস্যই ছবি আঁকার চেষ্টা করেন। আমারও চেষ্টা ছিল। হুমায়ূন আহমেদ নিজেও অনেক ভালো চিত্রশিল্পী। এ ক্ষেত্রে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও চেষ্টা ছিল।’