পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যার ঘটনা তুলে ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আপনারা দেখেছেন কীভাবে বিশ্বজিৎকে মেরে ফেলা হয়েছে। অথচ, খুনিদের আজও ধরা হয়নি। আওয়ামী লীগ নিজেরা মানুষ মারছে, আর মামলা দিচ্ছে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে।’গতকাল বুধবার রাতে গুলশানের কার্যালয়ে মুক্তিযোদ্ধা গণপরিষদ নামে একটি সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় খালেদা জিয়া এ কথা বলেন। তিনি মির্জা ফখরুলের বিরুদ্ধে সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে মামলা ও গ্রেপ্তারের কথা উল্লেখ করে বলেন, ‘তাঁর আর কাজ নেই যে ময়লার গাড়িতে আগুন দেবেন।’সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খালেদা জিয়া বলেন, শেয়ারবাজার থেকে তারা লাখো কোটি টাকা লুটপাট করেছে। সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতু হতে পারেনি। এর সঙ্গে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা জড়িত। তিনি প্রশ্ন করেন, ‘আবুল হোসেনের সঙ্গে এত খাতির কেন? তাঁকে কেন ধরা হচ্ছে না? কারণ, তাঁকে ধরলে তো সব তথ্য বেরিয়ে আসবে। দুদক (দুর্নীতি দমন কমিশন) একটা দালাল, আওয়ামী লীগের আজ্ঞাবহ সংগঠনে পরিণত হয়েছে। দুদকের চেয়ারম্যানের কথার দুই পয়সা দাম নেই।’ বর্তমান সরকারকে ‘ব্যর্থ, অযোগ্য ও অপদার্থ’ দাবি করে সরকারের সব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এ সরকারকে সরাতে না পারলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।এ সময় মুক্তিযোদ্ধা গণপরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আজিজ উলফাত, মহাসচিব সাদেক আহমেদসহ ৯০ জন মুক্তিযোদ্ধা বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপির নেতা মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, শমসের মবিন চৌধুরী, ওসমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।