মারজিয়ার জন্য সহায়তার হাত
প্রতিবন্ধী জীবনের সব প্রতিকূলতাকে জয় করে এসএসসি পরীক্ষায় সাফল্য পাওয়া মারজিয়ার পাশে এসে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ। কলেজ কর্তৃপক্ষ বিনা খরচায় মারজিয়ার পড়াশোনা ও হোস্টেলে থাকার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে৷
কলেজের অধ্যক্ষ শরিফ উদ্দিন আহমেদ গতকাল রোববার বলেন, ‘যে মেয়েটি হুইল চেয়ারে করে এক কিলোমিটার দূরের স্কুলে গিয়ে ভালো ফল করেছে, ভালো পরিবেশ দিতে পারলে সে আরও ভালো কিছু করতে পারবে। আমরা এই সুযোগটি উন্মুক্ত করার ব্যবস্থা করেছি।’
এদিকে বাজিতপুরের রহমান ব্রিকস ফিল্ডের মালিক মাহমুদুর রহমান মারজিয়া ও সুজনকে শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
জানতে চাইলে মারজিয়া বলে, ‘কলেজে পড়তে পারব জেনে ভালো লাগছে। কিন্তু সুজনের পড়াশোনা এখনো অনিশ্চিত হয়ে আছে। তাই মনটা খারাপ৷’
সুজন ও মারজিয়ার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিলপাড় গজারিয়া গ্রামে। বাবাসহ তাদের পরিবারের ছয়জন প্রতিবন্ধী। সুজন ও মারজিয়া হুইল চেয়ারে করে এক কিলোমিটার দূরের ডুয়াইগাঁও সুলতানপুর উচ্চবিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করেছে। এবার এসএসসি পরীক্ষায় সুজন জিপিএ ৪ দশমিক ৫৬ আর মারজিয়া ৪ দশমিক ১৩ পেয়েছে। এ নিয়ে গতকাল প্রথম অালোয় ‘অাঁধার ঘরে সাফল্যের ঝলকানি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়৷