মারতে মারতে মাইরাই ফালাবো, বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমারে মারতে মারতে মাইরাই ফালাবো, আমারে বাঁচান। বেটি (মালিকের স্ত্রী) খালি মারে। ভাষা বুঝি না, তাই লাঠি দিয়া মারে। যে খাবার দেয় পেট ভরে না।’ ভাগ্য ফেরাতে সৌদি আরব যাওয়া শানু বেগম ফোনে এসব কথা বলছিলেন।

চলতি বছরের মে মাসে গৃহকর্মী হিসেবে কাজের জন্য সৌদি আরবে যান শানু বেগম। শানু বেগমের পরিবার তাঁকে নির্যাতনের কথা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। অন্যদিকে ম্যানপাওয়ার এশিয়া নামের যে এজেন্সির মাধ্যমে শানু বেগম সৌদি আরব যান সেখান থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পরিবার দুই লাখ টাকা দিলেই কেবল শানুকে ফিরিয়ে আনা সম্ভব।

নরসিংদীর শানু বেগম টেলিফোনে প্রথম আলোকে জানান, সেখানে যাওয়ার পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। বাংলাদেশ থেকে যে ভাষা শিখে এসেছিলেন তা দিয়ে এখানে খুব একটা কাজ হচ্ছে না। ভাষা বুঝতে পারেন না এর সঙ্গে যোগ হয়েছে কাজ পারেন না। ফলে মালিকের স্ত্রীর হাতে মার খাওয়া নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শানু বেগম এখন পর্যন্ত যৌন নির্যাতনের কোনো অভিযোগ করেননি।

স্ত্রী শানুকে নির্যাতনের হাত থেকে মুক্ত করে দেশে ফেরত আনতে স্বামী সেন্টু মিয়া গত ২৩ অক্টোবর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বরাবর আবেদন করেন। আবেদনে স্ত্রীকে দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার, মালিকের ইচ্ছে মতো কাজ করানো, নিয়মিত বেতন না দেওয়া, চিকিৎসা না করানোসহ বিভিন্ন অভিযোগ জানানো হয়েছে আবেদনে। দেশে ফিরিয়ে আনা না হলে আত্মহত্যা করবেন বলে শানু হুমকি দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে আবেদনে।

টেলিফোনে সেন্টু মিয়া প্রথম আলোকে বলেন, ‘দয়া করে আমার স্ত্রী’রে একটু বাঁচান, ওরে আইন্যা দেওনের একটু ব্যবস্থা করেন। মন্ত্রণালয়ে অভিযোগ করছি, ওই অফিস থেইক্যা খালি একদিন ফোন করছিল, আর তো কোনো সমাধান হয় নাই।’

সেন্টু মিয়া জানালেন, স্ত্রী তাঁকে জানিয়েছেন মালিক শুধু নিজের বাসা না, আরও দুই এক বাসায় কাজ করতে বাধ্য করেন। কিল, লাথি, চড় মারেন কথায় কথায়। এ পর্যন্ত শানু বেগম মাত্র দুই মাসের বেতন দেশে পাঠাতে পেরেছেন। শানু নয় ও সাত বছর বয়সী মেয়ে ও ছেলের মা।

অন্যের জমিতে কৃষি কাজ করা সেন্টু মিয়া জানালেন, শানু বিদেশ যাওয়ার আগে তাঁদের স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া চলছিল। এ সুযোগ কাজে লাগায় দালাল। স্ত্রী বিদেশ যাবেই এমন অবস্থা হলে পরে অবশ্য সেন্টু মিয়াই স্ত্রীকে সহযোগিতা করেন। শানু বেগমকে বিদেশ পাঠাতে দালালকে কোনো টাকা দিতে হয়নি। বিনা খরচে বিদেশ গিয়েছেন তিনি।

শানু বেগম নির্যাতনের কথা জানানোর পর থেকে ওই দালালের পাত্তা নেই। এজেন্সি থেকে দুই লাখ টাকা দেওয়ার কথা জানিয়ে দিয়েছে বলে জানালেন সেন্টু মিয়া। আর এজেন্সির লোক মানুষ বলেই মনে করেন না বলে আক্ষেপ করলেন সেন্টু মিয়া।

ম্যানপাওয়ার এশিয়ার মালিক কফিল উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘ওই নারী কোনো পয়সা খরচ করে বিদেশ যাননি। দুই বছরের চুক্তিতে তিনি গিয়েছেন। যাওয়ার পর তিন মাসের মধ্যে কোনো অভিযোগ করেননি। তখন অভিযোগ করলে দায় আমাদের ছিল। এখন আসতে চাইলে দুই লাখ টাকা দিলেই তাঁকে দেশে আনা সম্ভব হবে।’