সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে গত বুধবার রাতে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ, গুলি ও ছাত্রলীগের নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। এসব ঘটনা তদন্তে গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্বাধীনতা দিবসের সমাবেশে বিশৃঙ্খলায় উসকানির অভিযোগে শিবিরপন্থী সাংবাদিক আবু তাহের মো. সাত্তারকে মারধর করেন ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা। এর জের ধরে বুধবার রাতে ছাত্রলীগের নেতা সুলতানুল আলমকে মারধর করে ছাত্রলীগের অপর একটি পক্ষ। এ সময় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ পরান হলের পেছনে ও ক্যাম্পাসে অন্তত ১২টি ককটেলের বিস্ফোরণ ও কয়েকটি গুলির ঘটনা ঘটে। গত কয়েক দিনের ঘটনা তদন্তে রসায়ন বিভাগের অধ্যাপক মিজানুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস। কমিটির অপর সদস্যরা হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান শরীফ মো. শরাফউদ্দিন ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সুজয় চক্রবর্তী। ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের ঘটনা তদন্তের জন্য ওই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।