মারধর ও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মচারীদের মারধর, মেয়েদের উত্ত্যক্ত, চুরি ও মাদক সেবনের অভিযোগে পুলিশ গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সাত তরুণকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া তরুণেরা হলেন সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার তানজিলউল্লাহ, মো. আসিফ আরেফিন ও রেফাজুল ইসলাম; রসুলপুর এলাকার মাসুম বিল্লাহ; সদর উপজেলার বালিথা গ্রামের রহমত আলী এবং তালা উপজেলার উভয়তলা গ্রামের মঞ্জুরুল আলম ও আবদুর রহমান।সদর হাসপাতালের ওয়ার্ডমাস্টার কামরুল ইসলাম জানান, গতকাল সকালে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসকেরা রোগী দেখার সময় কর্তব্যরত স্বেচ্ছাসেবক কামাল হোসেন তিন তরুণকে ওয়ার্ডের ভেতরে যেতে নিষেধ করলে তাঁরা তাঁকে মারধর করেন। হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার এমদাদ হোসেন তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে তরুণেরা তাঁকেও মারধর করেন। এ সময় অন্য কর্মচারীরা ওয়ার্ডের দরজা বন্ধ করে দিয়ে সদর থানায় খবর দিলে পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান আলী খান বলেন, হাসপাতাল চত্বর থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।