মারধর করে সই নিয়ে জমি নিবন্ধনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাবরেজিস্ট্রারের কার্যালয়ে দাতার অনুপস্থিতিতে দলিল নিবন্ধনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ৮ জুলাই দলিলটি নিবন্ধিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এর আগের দিন জমির ক্রেতারা দাতাকে একটি বাড়িতে নিয়ে মারধর করে সাদা স্ট্যাম্পে তাঁর টিপসই নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই দলিলে জমি বিক্রেতা বা দাতা হিসেবে উপজেলার গাংগাইল ইউনিয়নের মধ্য গয়েশপুর গ্রামের সন্তোষ চন্দ্র শীলের (৮০) নাম রয়েছে। ৭ জুলাই সাদা স্ট্যাম্পে টিপসই নিয়ে জমি নিবন্ধন করার চেষ্টার অভিযোগে তিনি গত বৃহস্পতিবার ময়মনসিংহের দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেছেন।
সন্তোষ কুমার বলেন, তিনি কারও কাছে জমি বিক্রি করেননি। তাই নিবন্ধন কার্যালয়েও তিনি উপস্থিত ছিলেন না। একটি দখলবাজ চক্র তাঁর জমিজমা হাতিয়ে নিতে ভুয়া দলিল করেছে। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। দলিলটি লিখে নিবন্ধনে সহায়তা করেছেন নান্দাইল সাবরেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক মো. এনামুল হক। গতকাল ওই কার্যালয়ে গিয়ে এনামুলকে পাওয়া যায়নি।
মামলার আরজিতে সন্তোষ অভিযোগ করেন, ৭ জুলাই গাংগাইল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফয়জুর রহমান এবং তাঁর সহযোগী আঞ্জু মিয়া ও বিপুল প্রসন্ন রায় তাঁকে বাড়ি থেকে নান্দাইল পৌর শহরের নতুন বাজার এলাকায় একটি বাসায় নিয়ে যান। তিনি সেখান থেকে চলে আসতে চাইলে বিপুল তাঁকে বাধা দেন। একপর্যায়ে তাঁরা তাঁকে (সন্তোষ) মারধর করে একজন দলিল লেখকের সহায়তায় একটি সাদা স্ট্যাপের বিভিন্ন স্থানে টিপসই দিতে বাধ্য করেন।
টিপসই দিতে বাধ্য করার অভিযোগ অস্বীকার করে ফয়জুর রহমান দাবি করেন, সন্তোষ বাবু ৬০ শতক জমি বিক্রি করেছেন। তিনি, আঞ্জু ও বিপুল সেই জমি কিনেছেন। বিপুল প্রসন্ন রায় দাবি করেন, তিনি বা তাঁর সঙ্গীরা জোর করে টিপসই নেননি। অনুসন্ধানে জানা যায়, টিপসই নেওয়া স্ট্যাম্পে জমি বিক্রেতা হিসেবে সন্তোষ শীলের নাম বসিয়ে ৮ জুলাই নিবন্ধন কার্যালয়ে সাফকবলা দলিল হিসেবে নিবন্ধিত হয়। দলিল নম্বর ৪২৮২। ওই দলিলে ৬০ শতক জমির ক্রেতা হিসেবে ফয়জুর রহমান, বিপুল প্রসন্ন রায় ও আঞ্জু মিয়ার নাম লেখা রয়েছে। করা জমির ক্রেতা ফয়জুর ও বিপুল রায় দলিল নিবন্ধনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাবরেজিস্ট্রার মো. গোলাম মাহবুব বলেন, দলিল নিবন্ধনের সময় জমি বিক্রেতার উপস্থিতি বাধ্যতামূলক। গত ৮ জুলাই ৪২৮২ নম্বর দলিলের দাতা সন্তোষ কুমার শীল তাঁর কার্যালয়ে উপস্থিত ছিলেন কি না জানতে চাইলে তিনি দাবি করেন, অবশ্যই দাতা উপস্থিত ছিলেন।