মারধরে গুরুতর আহত হয়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আজ মঙ্গলবার সকালে মারা গেছেন। তাঁর নাম সাদ ইবনে মোমতাজ। তিনি মাত্স্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
অভিযোগ উঠেছে, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলের একটি কক্ষে ডেকে নিয়ে ‘শিবিরের কর্মী’ সন্দেহে সাদকে ক্রিকেট স্টাম্প, লাঠি ও রড দিয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। সাদ নিজেও ছাত্রলীগ করতেন। তবে সাদকে মারধরের খবর অস্বীকার করেছে ছাত্রলীগ।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুর্শিদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, বন্ধুর সঙ্গে মারামারিতে সাদ নিহত হয়েছে। এখানে ছাত্রলীগের কেউ জড়িত নয়। সাদ ছাত্রলীগে থেকে শিবিরের সহচর হিসেবে কাজ করছিল।
আশরাফুল হক হলের প্রাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রশাসনকে বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছি।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শহীদুর রহমান খান বলেন, ‘সাদকে কে বা কারা মেরেছে বিষয়টি পরিষ্কার না। তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে ব্যাপারটা জানা যাবে।’
নিহত সাদ রাজশাহীর রাজপাড়ার মোমতাজ উদ্দীন আহমেদের ছেলে। তিনি রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে ২০১০ সালে এইচএসসি পাস করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিন ভাইয়ের মধ্যে সাদ সবার ছোট। গত বছরের বিলুপ্ত ছাত্রলীগের কমিটির আশরাফুল হক হল ইউনিটের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।