মারধরে গুরুতর আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলনা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে রাজধানীর উত্তরায় মারধরে আহত হওয়া কাউসার হামিদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, সম্প্রতি উত্তরা এলাকার চায়না মার্কেটের একটি দোকান থেকে ছেলের জন্য একটি খেলনা মোটরসাইকেল কেনেন তুরাগের বাসিন্দা কাউসার। কিন্তু কিছুদিন পর ওই খেলনা নষ্ট হয়ে গেলে তিনি তা ওই দোকানে নিয়ে যান। দোকানদাররা তা মেরামতের জন্য রেখে দেন। গত ৩ জুন কাউসার ওই দোকানে খেলনাটি নিতে যান। কিন্তু কাউসার খেলনাটি পুরোপুরি মেরামত করা হয়নি বলে অভিযোগ তোলেন৷ এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই দোকানের কর্মচারীরা কাউসারকে বেধড়ক মারধর করেন। আঘাত করেন মাথায় হাতুড়ি দিয়ে। তাঁকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর সর্বশেষ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল ভোরে তিনি মারা যান।