মারধরে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বামী-শাশুড়ির লাঠিপেটায় গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূ রিনা আক্তার (২২) কুষাকান্দা গ্রামের সবুজ মিয়ার স্ত্রী। এ ঘটনায় শুক্রবার রিনা আক্তারের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে সবুজ মিয়া ও তাঁর মা রেজিয়া খাতুনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ঘটনার পরপরই স্বামী ও শাশুড়ি পলাতক থাকায় পুলিশ গতকাল শনিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে রিনা আক্তারকে বিয়ে করেন সবুজ মিয়া (২৮)। বিয়ের পর থেকে যৌতুকের জন্য সবুজ মিয়া রিনাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার-নির্যাতন করেন। সবুজ মিয়ার জুয়া খেলার অভ্যাস রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে একাধিকবার সালিস-দরবারও হয়। পারিবারিক সূত্র দাবি করে, গত বৃহস্পতিবার ব্যবসা করার জন্য রিনা আক্তারকে এক লাখ টাকা আনতে বলেন সবুজ মিয়া। টাকা আনতে অস্বীকার করায় সবুজ ও রেজিয়া খাতুন মিলে বেধড়ক লাঠিপেটা করেন। এতে রিনা আক্তার অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনা জানাজানি হলে দেবর বিল্লাল মিয়া রিনাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রিনা আক্তারের অবস্থা আশঙ্কাজনক দেখে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে স্থানান্তর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে রিনার মৃত্যু হয়। পাকুন্দিয়া থানার ওসি মো. হাম্মাদ হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।