মারধরে ডেন্টাল কলেজের ছাত্র জাহেদুলের মৃত্যু!
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের প্রথম বর্ষের ছাত্র জাহেদুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তে এ আলামত পেয়েছেন চিকিৎসক। এদিকে পুলিশ এখনো এ হত্যাকাণ্ডের তদন্তে কোনো কূলকিনারা করতে পারেনি।
গত ২৭ আগস্ট চট্টগ্রামের চান্দগাঁও থানার শমসেরপাড়ায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের ১০ তলা মূল ভবনের পূর্ব পাশের শৌচাগারের সামনে থেকে জাহেদুলের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জাহেদুলের মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করেছিল। তবে জাহেদুলকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ এনে তাঁর বাবা জসিম উদ্দিন চান্দগাঁও থানায় মামলা করেন।
জাহেদুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ ইউনিয়নে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রভাষক ও ময়নাতদন্তকারী চিকিৎসক প্রদীপ কুমার নাথ প্রথম আলোকে বলেন, জাহেদুলের কোমরের ওপরে ছুরিকাঘাত করা হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। আত্মহত্যা করলে শরীরে এত জখমের চিহ্ন থাকত না। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মারধরের কারণে জাহেদুলের মৃত্যু হয়েছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা তাঁর লাশ ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয়।
ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায়, জাহেদুলের বুকের পাঁজর, বাঁ হাত ও বাঁ ঊরু ভাঙা ছিল। আঘাতের ফলে কিডনি, লিভার ও ফুসফুস নষ্ট হয়ে যায়। চিকিৎসক জানান, জাহেদুলের মাথায়ও আঘাত করা হয়েছে। এতে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
চান্দগাঁও থানা পুলিশের সুরতহাল প্রতিবেদনেও কোমরের ওপরের অংশে এক ইঞ্চি দৈর্ঘ্য ও আধা ইঞ্চি প্রস্থের কাটা জখমের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
জাহেদুলের বাবা জসিম উদ্দিন বলেন, ‘আমার নিরপরাধ ছেলেকে যারা খুন করেছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, ‘মাত্র ১৫ মিনিটের ব্যবধানে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত এর কোনা ক্লু উদ্ধার করতে পারিনি। তবে এ ঘটনায় কলেজের ছাত্র-শিক্ষক ও নার্সসহ প্রায় ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, জাহেদুলের মৃত্যুর ঘটনায় গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। কলেজের গভর্নিং বডি তা প্রকাশ করবে।