মারধরের অভিযোগে ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোংলা বন্দর পৌরসভায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সিলিন্ডার রাখায় দুটি ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওষুধের দোকানিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট চড় দেন বলে অভিযোগ ওঠে। সন্ধ্যায় ওষুধ বিক্রেতা সমিতি সভা করে মোংলা উপজেলার সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন ও শিফাত উদ্দিন জানান, মোংলা পৌর এলাকার শেখ আবদুল হাই সড়কের আল হেলাল ফার্মেসিতে কার্টনের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব ওষুধ রাখার দায়ে ওই দোকানিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মোংলা বন্দর শিল্প এলাকায় অবস্থিত যুমনা এলপিজি কারখানায় মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার থাকায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় হয়। এ সময় বেশ কয়েকটি সিলিন্ডার ও কয়েক কার্টন ওষুধ জব্দ করা হয়। মোংলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রট ওই ওষুধের দোকানিকে লাঞ্ছিত করেছেন। এর প্রতিবাদ ও বিচারের দাবিতে মোংলার সব ওষুধের দোকান অনির্দিষ্টকাল বন্ধ থাকবে।