মারধরের জের ধরে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধ
খাগড়াছড়ি সদর উপজেলায় গতকাল শুক্রবার স্কুলপড়ুয়া ছাত্ররা এক বাসচালককে মারধর করে। এর প্রতিবাদে দুপুর ১২টা থেকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে বাসশ্রমিকেরা যান চলাচল বন্ধ করে দেন। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা পড়ে দুর্ভোগে।বাসশ্রমিকেরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ১২ ও ১৭ নম্বর প্রকল্প এলাকা থেকে কিছু স্কুলছাত্র বাসে করে ভাইবোন ছড়া স্কুলের মাঠে ক্রিকেট খেলতে যায়। এ সময় তারা কোনো ভাড়া দেয়নি। খেলা শেষে বাড়ি ফেরার পথে ছাত্ররা আবারও বাসে ওঠে। এ সময়ও তারা ভাড়া দিতে অস্বীকার করে। এ নিয়ে ছাত্রদের সঙ্গে বাসের কর্মচারীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্ররা বাসের চালক আহল জামানকে (৪৫) মারধর করে। এতে তিনি ডান হাতের কনুইসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।মারধরের খবর খাগড়াছড়িতে পৌঁছার পর বাসশ্রমিকেরা উত্তেজিত হয়ে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধ করে রাখেন এবং বাস চলাচল বন্ধ করে দেন।খাগড়াছড়ি পার্বত্য জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিক বলেন, ‘খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে ছাত্রছাত্রীরা বাসে উঠে ভাড়া দিতে চায় না। এ নিয়ে প্রায়ই বাসশ্রমিকেরা হামলার শিকার হন। প্রশাসনের কাছে এ ব্যাপারে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। প্রতিকার না পাওয়া পর্যন্ত বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’সমস্যা সমাধানে গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাউদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনা করছিলেন।