মারধরের পর কাদায় ফেলে দেওয়া হলো শিক্ষককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলার বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানকে মারধর করে কাদার মধ্যে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে বিবাদের জের ধরে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শিক্ষকের ওপর হামলাকারীর এক বন্ধুর বাড়িতে ভাঙচুর চালায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মতিহার থানার বাখরাবাজ এলাকার মামুন নামের এক যুবক গতকাল সকালে ওই বিদ্যালয়ের পাশে শিক্ষক খলিলুর রহমানকে (৫২) মারধর করেন। পরে তাঁকে রাস্তার পাশে নালার কাদার মধ্যে ফেলে দেন। আশপাশের লোকজন গিয়ে খলিলুরকে উদ্ধার করে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বেলঘরিয়া গ্রামে মামুনের বন্ধু মনিরের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।এলাকাবাসী জানায়, মনিরের ছোট ভাই আক্তারুজ্জামান বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। ফুটবল খেলা নিয়ে গত রোববার আক্তারের সঙ্গে সজীব নামে এক সহপাঠির ঝগড়া হয়। এ ব্যাপারে একই দিন প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন মনির।শিক্ষক খলিলুরের অভিযোগ, আক্তার ও সজিবের বিরোধ সমাধানে কথা বলার সময় মনির তাঁর সামনেই সজীবকে চড় মারেন। এ নিয়ে তাঁর সঙ্গে মনিরের তর্ক হয়। একপর্যায়ে মনির তাঁকেও মারতে উদ্যত হন। এতে বিষয়টি অমীমাংসিত থাকে।মনিরের বাবা আবদুল কাদের অভিযোগ করেন, রোববার বিকেলে প্রধান শিক্ষকের ছেলে ফারুক লোকজন নিয়ে মনির ও মামুনকে মারধর করেন।এলাকাবাসীর ভাষ্য, মারধরের এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মামুন গতকাল সকালে ফারুকের বাবাকে পিটিয়ে নালার মধ্যে ফেলে দেন।আবদুল কাদেরের স্ত্রী মামুন্নাহার জানান, এলাকার লোকজন তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তাঁরা একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে রক্ষা পান। পরে পুলিশ গিয়ে হামলাকারীদের বের করে দেয়।মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, নিরাপত্তার জন্য মনিরকে আটক করা হয়েছে। তিনি জানান, ভাঙচুরের ঘটনায় মনিরের বাবা ১৮ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপরদিকে রোববারের ঘটনায় শিক্ষক খলিলুরও অভিযোগ দায়ের করেন।এ ব্যাপারে কথা বলার জন্য মোবাইল ফোনে মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।