মারধরের পর গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী
বরগুনায় যৌতুকের জন্য সুমা আক্তার নামের এক গৃহবধূকে তাঁর স্বামী বেদম মারধরের পর মাথার চুল কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেলে আহতাবস্থায় সুমা আক্তারকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে এলাকাবাসী সুমার স্বামী নান্টু মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে।সুমার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের নূরুল ইসলামের মেয়ে সুমা আক্তারের সঙ্গে তালতলী উপজেলার করমচাপাড়া গ্রামের আলতাফ মোল্লার ছেলে নান্টু মোল্লার বিয়ে হয়। এক বছর আগে সুমা তাঁর স্বামীর সঙ্গে চট্টগ্রামে গিয়ে দুজনই পোশাক কারখানায় কাজ নেন। ছয় মাস আগে নান্টু ব্যবসা করার জন্য সুমার পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। সুমা তাতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। এরপর মাস শেষে সুমার বেতনের সব টাকা নান্টু নিতে থাকেন। গত ২৭ মে সুমা ছয় হাজার ৬৬০ টাকা বেতন পাওয়ার পর পাঁচ হাজার টাকা স্বামীর হাতে তুলে দেন। বাকি এক হাজার ৬৬০ টাকা না দেওয়ার জন্য তাঁকে বেদম মারধর করেন নান্টু। একপর্যায়ে তিনি কাঁচি দিয়ে সুমার মাথার চুল কেটে দেন। অসুস্থ হয়ে পড়লে ১ জুন সুমাকে বরগুনায় তাঁর বাবার বাড়িতে নিয়ে আসেন নান্টু। এ সময় সুমার অবস্থা দেখে এলাকার লোকজন নান্টুকে আটক করে বরগুনা থানায় সোপর্দ করে।বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক নিহার রঞ্জন বলেন, সুমার মুখমণ্ডল, পিঠ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাঁর ভালো হয়ে উঠতে কিছুদিন সময় লাগতে পারে।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মণি চাকমা বলেন, এ ঘটনায় সুমা আক্তার বাদী হয়ে রোববার রাতে বরগুনা থানায় নান্টুসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।