মারধরের পর ছাত্রকে বিবস্ত্র ভিডিও করলেন ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে প্রথমে বেধড়ক মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে বিবস্ত্র করে ধারণ করা হয় ভিডিও। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দাবি করা হয় এক লাখ টাকা। নয়তো ওই ছাত্রকে একটি কিডনি বা মাসে মাসে ১০ হাজার টাকা করে দিতে বলেন কলেজের ছাত্রলীগ সমর্থিত ছাত্রকল্যাণ পরিষদের তিন নেতা-কর্মী।এই অভিযোগে গত বুধবার রাতে ছাত্রকল্যাণ পরিষদের সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক ও পঞ্চম বর্ষের ছাত্র খন্দকার আবদুল কাইয়ুমকে পরিষদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে বহাল তবিয়তে আছেন অপর অভিযুক্ত ছাত্রকল্যাণ পরিষদের সাহিত্য সম্পাদক জিয়াউল হক ও আনোয়ার সাদত। প্রথম বর্ষের ওই ছাত্রের ঘটনা ছাড়াও ছাত্রকল্যাণ পরিষদের নেতা কাইয়ুম, জিয়াউল হক ও আনোয়ারের বিরুদ্ধে রয়েছে সাধারণ শিক্ষার্থীদের অজস্র অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, কাইয়ুম ও তাঁর সহযোগীরা শিক্ষার্থীদের মারধর ও জিম্মি করে, ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। তাঁদের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে ঘটছে মাদকের বিস্তার। কিন্তু ক্ষমতাসীন দল ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় কেউ অভিযোগ করতেও সাহস দেখায় না।নির্যাতনের শিকার মেডিকেল কলেজের প্রথম বর্ষের ওই ছাত্র প্রথম আলোর কাছে অভিযোগ করেন, কাইয়ুম, জিয়াউল ও আনোয়ার গত মঙ্গলবার তাঁকে জামিলুর রহমান ছাত্রাবাসের ১০৩ নম্বর কক্ষে ডেকে নেন। তাঁরা তাঁকে আটকে রেখে মারধর করে মুঠোফোন ছিনিয়ে নেন। পরে তাঁকে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও করেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরদিন বুধবার তিনি কাইয়ুমের হাতে সাড়ে ১০ হাজার টাকা তুলে দেন। কিন্তু কাইয়ুম আরও এক লাখ টাকা চাঁদা দাবি করেন। নয়তো তাঁর বিবস্ত্র ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় তিনি কাইয়ুমকে বলেন, তাঁর বাবা দরিদ্র স্কুলশিক্ষক। তাঁদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। কাইয়ুম তখন তাঁকে একটি কিডনি দিতে বলেন। নয়তো মাসে মাসে ১০ হাজার টাকা চাঁদা দিতে বলেন। বাধ্য হয়ে নির্যাতিত ওই ছাত্র ওই দিনই তাঁর বাবাকে নিয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণের কাছে যান এবং লিখিত অভিযোগ দেন। মেয়র তাঁকে ওই লিখিত অভিযোগ কলেজ কর্তৃপক্ষকেও দিতে বলেন। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রকল্যাণ পরিষদকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। ওই ছাত্র বুধবারই কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিশ্চিত করে মেয়র শওকত হোসেন বলেন, ‘এক ছাত্রকে মারধর, ছিনতাই ও বিবস্ত্র করে চাঁদাবাজির ঘটনায় কাইয়ুম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নিতে বলেছি। একই সঙ্গে ছাত্রলীগকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’