মারধরের পর দুই দিন ধরে গৃহবধূ অচেতন
যৌতুক না পেয়ে নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় পুরানপাড়ায় জেসমিন (২০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী বেধড়ক পিটিয়ে ডান হাত ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনে গৃহবধূর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। দুই দিন ধরে ওই গৃহবধূ অচেতন অবস্থায় গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক মুস্তাফিজুর রহমান জানিয়েছেন। এ নিয়ে জেসমিনের মা আনেছা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ তা আমলে নেয়নি বলে অভিযোগ উঠেছে।গৃহবধূর পরিবারের সদস্য ও অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁচকৈড় খোয়ারপাড়ার শহিদুল প্রামাণিকের মেয়ে জেসমিনের সঙ্গে ছয় বছর আগে চাঁচকৈড় পুরানপাড়ার আফতাব মল্লিকের ছেলে ফারুকের (২৬) বিয়ে হয়। তাঁদের সংসারে ফাতিমা (৩) নামের একটি মেয়ে আছে।গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, জেসমিন বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। মা আনেছা বেগম বিছানার পাশে বসে নীরবে কাঁদছেন। তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই জামাই (ফারুক) যৌতুক চেয়ে কারণে-অকারণে মেয়েকে মারধর করতেন। এ নিয়ে কয়েক দফা বৈঠক করার পরও কোনো সুরাহা হয়নি। গত মঙ্গলবার রাতে একই দাবিতে মেয়েকে নির্যাতন করেন ফারুক। এ ব্যাপারে কথা বলতে গতকাল চাঁচকৈড় পুরানপাড়ায় গিয়েও ফারুককে পাওয়া যায়নি। তাঁর ঘরে তালা লাগানো দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, ‘মধ্যযুগীয় কায়দায় মেয়েটিকে নির্যাতন করা হয়েছে। সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে। মাঝেমধ্যে জ্ঞান ফিরলেও আবার অচেতন হয়ে পড়ছে। তাকে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। কিন্তু টাকার অভাবে মেয়ের মা বাইরে চিকিৎসার জন্য নিতে পারছেন না।’ গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের স্থানীয় এক নেতা বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব নেওয়ায় মামলাটি রেকর্ড করা হয়নি।