মারধরের পর বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলা হয় ডোবায়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গঙ্গানগর গ্রামের একটি সংখ্যালঘু পরিবারের ওপর দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালিয়েছে। গত রোববার সকালের ওই হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় সংখ্যালঘু পরিবারটির বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।আহতদের চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা ওই বাড়ির এক বৃদ্ধাকে মারধরের পর ধাক্কা দিয়ে পাশের ডোবায় ফেলে দেয়। এ ঘটনায় মামলা দায়েরের পর গতকাল সোমবার ভোরে পুলিশ প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। জানা গেছে, ওই গ্রামের দাসপাড়ার (জেলেপাড়া) বাসিন্দা দীলিপ দাসের সঙ্গে একই পাড়ার প্রভাবশালী আবদুল আলীর মধ্যে একটি পুকুর ও বাড়ির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন। রোববার সকালে দীলিপ দাস ও আবদুল আলীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর আবদুল আলী লোকজন নিয়ে দীলিপ দাসের বাড়িতে হামলা চালান। নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বৃদ্ধা আশুলতা দাস প্রথম আলোকে বলেন, ‘আমারে হেরা পিডাইছে ক্যান, আমি কি দোষ করছি? ভগবান হেরার যেন বিচার করে।’হামলার অভিযোগ অস্বীকার করে আবদুল আলী বলেন, ‘দীলিপের সঙ্গে সকালে আমার হাতাহাতি, মারামারি হয়েছে ঠিকই। তবে এরপর আমি তাঁদের বাড়িতে কোনো হামলা করিনি। ওই বাড়ির লোকজনই আমাকে ফাঁসাতে এমন নাটক সাজিয়েছে।’নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে দীলিপ দাস বাদী হয়ে মামলা করার পর প্রধান আসামি আবদুল আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’