মারধরের পর স্ত্রীর গলায় ছুরি ঢুকিয়ে দিল স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার গেন্ডারিয়ায় স্ত্রীকে মারধর করেও ক্ষোভ মেটেনি স্বামীর। তারপর গলায় ছুরি ঢুকিয়ে বাথরুমে নিয়ে আটকে রেখেছেন। খবর পেয়ে গৃহবধূর স্বজনেরা গিয়ে উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনি এখন কথা বলতে পারছেন না। গত রোববার দিবাগত রাতে দীননাথ সেন রোডের ৩১/এ নম্বর বাসায় এ ঘটনা ঘটেছে। স্বামী সাজিদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।হাসপাতালে স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৃহবধূর নাম ময়না আক্তার (২০)। প্রায় তিন বছর আগে সাজিদের সঙ্গে ময়নার বিয়ে হয়। ময়নার বাবা তসলিমউদ্দিন ফুটপাতে চায়ের দোকানি। আর সাজিদরা উচ্চ মধ্যবিত্ত। তবে সুশ্রী চেহারার ময়নাকে দেখে সাজিদই তাঁকে বিয়ে করেন। বিয়ের পর থেকে ময়নাকে তাঁর বাবার বাড়িতে যেতে দেননি সাজিদ। এমনকি বাবার বাড়ির কোনো স্বজন এলে তা নিয়ে কটাক্ষ করতেন। তাঁকে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। হাসপাতালে গৃহবধূর স্বজনেরা জানান, স্কুলে ভর্তি করে দেওয়ার কথা বলে সাজিদ কয়েক দিন আগে ময়নার ছোট বোন লাবণি আক্তারকে বাসায় নিয়ে যান। লাবণি জানায়, তাকে বাসায় নেওয়াকে কেন্দ্র করে গত রোববার রাতে ময়না ও সাজিদের মধ্যে ঝগড়া হয়। ভোরের দিকে সাজিদ ময়নাকে মারধর শুরু করেন। চিৎকার শুনে লাবণি এগিয়ে গেলে তাকে ওই ঘরে যেতে নিষেধ করেন সাজিদ। মারধরের একপর্যায়ে ময়নার গলায় চাকু ঢুকিয়ে দেন সাজিদ। এরপর তাকে বাথরুমে ফেলে রাখা হয়। বাথরুমের মেঝে থেকে রক্ত গড়াতে দেখে লাবণি কৌশলে বিষয়টি তাদের বাড়িতে জানায়। সেখান থেকে লোকজন এসে ময়নাকে উদ্ধার করে প্রথমে গেন্ডারিয়া থানায়, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ সাহা জানান, রোববার দিবাগত রাত তিনটার দিকে ময়নাকে নিয়ে তাঁর স্বজনেরা থানায় আসেন। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পুলিশ দেরি না করে তাঁকে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং সাজিদকে গ্রেপ্তার করে। দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার রাত পর্যন্ত কোনো মামলা হয়নি।হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, ময়নার গলায় ১০ সেন্টিমিটার লম্বা ও পাঁচ সেন্টিমিটার গভীর ক্ষত হয়েছে। তাঁর শ্বাসনালি কেটে গেছে। বিকল্প উপায়ে শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে। ঘাড়ের পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় পেটানোর চিহ্ন রয়েছে। ময়নার ছোট বোন লাবণি অভিযোগ করে, ময়নাকে হাতুড়ি ও কোমরের বেল্ট দিয়ে মারধর করা হয়েছে।