মারধরের পর স্ত্রীর মাথার চুল কর্তন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাসুমা বেগম নামের এক গৃহবধূকে তাঁর স্বামী মারধরের পর মাথার চুল কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাসুমাকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত মঙ্গলবার উপজেলার কুসুম্বা ইউনিয়নের বাঁশখুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মাসুমার ভাই মামুনুর রশিদ বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেছেন।মাসুমা ও তাঁর পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে ওই গ্রামের গোলজার হোসেনের মেয়ে মাসুমার সঙ্গে একই গ্রামের আবেদ আলীর ছেলে সাইফুল ইসলামের বিয়ে হয়। বেশ কিছুদিন আগে ওই গ্রামের এক ভ্যানচালকের স্ত্রী কুলসুমা বেগমকে গৃহপরিচারিকা হিসেবে বাড়িতে আশ্রয় দেন সাইফুল। এরপর সাইফুলের সঙ্গে কুলসুমার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এর প্রতিবাদ করায় সাইফুল তাঁর স্ত্রী মাসুমাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। দুই বছর আগে সাইফুল কুলসুমাকে বিয়ে করেন।এর পর থেকে মাসুমার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে সাইফুল ও তাঁর দ্বিতীয় স্ত্রী কুলসুমা মাসুমাকে প্রচণ্ড মারধর করে কাঁচি দিয়ে তাঁর মাথার চুল কেটে দেন। ওইদিন রাতেই প্রতিবেশীরা উদ্ধার করে মাসুমাকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। অভিযোগের ব্যাপারে সাইফুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার মাসুমার বড় ভাই মামুনুর রশিদ বাদী হয়ে কুলসুমা ও সাইফুলসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।