নীলফামারীর সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণার সময় দুজন চেয়ারম্যান পদপ্রার্থীর দুই কর্মীকে মারধর ও নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ইউনিয়নে দ্বিতীয় দফায় ৩১ মার্চ নির্বাচন হবে।
আওয়ামী লীগের প্রার্থী জুলফিকার আলী অভিযোগ করে বলেন, ‘বুধারু রায় নামে আমার এক কর্মীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেনের লোকজন গত শনিবার রাত ১১টার দিকে ইউনিয়নের নতিবাড়ি চৌরঙ্গী বাজারে কুপিয়ে জখম করেছেন। এ সময় সেখানে তাঁরা আমার নির্বাচনী কার্যালয়টিও ভাঙচুর করেন। বুধারুকে গুরুতর আহত অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পায়ে ২২টি সেলাই দেওয়া হয়েছে।’
মোশাররফ হোসেনও অভিযোগ করে বলেন, ‘শনিবার সন্ধ্যা সাতটার দিকে চওড়া বাজারে আমার নির্বাচনী পথসভা ছিল। সেখানে আওয়ামী লীগের প্রার্থীও পথসভা আহ্বান করায় পুলিশ দুই পক্ষের পথসভা বন্ধ করে দেয়। এ বিষয়ে কথা বলতে রাতেই আমি সদর থানায় যাই। এ সময় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম আমার সঙ্গে ছিলেন। থানা থেকে বাড়ি ফেরার পথে নতিবাড়ি চৌরঙ্গী বাজারে গত শনিবার রাত ১১টার দিকে রশিদুলকে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার মারধর করেন। রাতেই তাঁকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাটি ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে বুধারুকে দিয়ে নাটক সাজানো হয়েছে। অফিস ভাঙচুরের অভিযোগও সত্য না।’
তবে রশিদুলকে মারধর করার অভিযোগ অস্বীকার করে জুলফিকার বলেন, ‘বুধারুকে কুপিয়ে জখম করে অফিস ভাঙচুরের ঘটনা ধামাচাপা দিতে তাঁরা রশিদুলকে হাসপাতালে ভর্তি করে নাটক করছেন।’
গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডের মেঝেতে কথা হয় বুধারুর সঙ্গে। তাঁর ডান পায়ের ঊরুতে ব্যান্ডেজ দেখিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য মোশাররফের লোকজন আমাকে কুপিয়েছেন।’ হাসপাতালের ৬ নম্বর বিছানায় ভর্তি আছেন রশিদুল। ওই বিছানায় একজন ঘুমাচ্ছিলেন। এ সময় তাঁকে ডাকলে তিনি বলেন, ‘আমি রশিদুলের ভাগনে। মামা অসুস্থ, তাঁর বুকে ব্যথা। মামা কোথায় গেছেন জানি না।’
তবে হাসপাতালের নথিতে দেখা যায়, রশিদুল ভর্তি হয়েছেন শনিবার দিবাগত রাত তিনটায় এবং বুধারু রাত দুইটায়।
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা বলেন, ‘রশিদুলের পক্ষে অভিযোগ পেয়েছি, বুধারুর অভিযোগ এখনো পাইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’