মারধরের মামলায় তিতুমীরের ৭ ছাত্র রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর করে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়ার ঘটনায় করা মামলায় তিতুমীর কলেজের সাত ছাত্রের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আতাউল হক এ রিমান্ড মঞ্জুর করেন।
ওই রিমান্ডে নেওয়া শিক্ষার্থীরা হলেন তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের রাজীব আহমেদ ও দিদার আলম, পদার্থবিজ্ঞান বিভাগের আরিফুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের শফিউল আলম অপু, গণিত বিভাগের লিটন আহমেদ এবং ব্যবস্থাপনা বিভাগের আবু বকর ও সজীবুল হুদা।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) সাইহান ওলিউল্লাহ সাত আসামিকে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র। গত শনিবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বনানীর আর্মি স্টেডিয়ামে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব উপভোগ করতে যান। সেখান থেকে ফেরার পথে তিতুমীর কলেজের সামনে আসামিদের সঙ্গে তাঁদের তুচ্ছ ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে এই আসামিরাসহ পলাতক ৪০-৫০ জন আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রদের মারধর করে তাঁদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেন। এ ঘটনার পেছনে আর কোনো উদ্দেশ্য আছে কি না, তা রিমান্ডে নিয়ে জানা জরুরি।
মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হলেন শিল্পকলা বিভাগের ছাত্র আফসার উদ্দিন, দীপক রায় ও শাহাদাত হোসেন, মৃৎশিল্প বিভাগের সারোয়ার জাহান, চারুকলার বাপ্পী বিশ্বাস এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. শহিদুল্লাহ।
এ ঘটনায় বনানী থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রদের খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।