মারপিটের পর চুল কেটে দিলেন স্বামী
ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে মারপিটের একপর্যায়ে কান ধরে ২০০ বার ওঠবস করার নির্দেশ দিয়েছিলেন স্বামী শাহিনুর রহমান (৩২)। না পারায় বঁটি দিয়ে স্ত্রীর চুল কেটে দিয়েছেন স্বামী। গত সোমবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ শাহিনুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গ্রামের কয়েকজন জানান, বলিদাপাড়া গ্রামের সবদুল হোসেনের ছেলে শাহিনুর রহমান প্রায় ১৩ বছর আগে একই গ্রামের মৃত আয়ুব নবীর মেয়েকে (২৬) বিয়ে করেন। বিয়ের পর তাঁদের দুটি সন্তান রয়েছে। প্রতিবেশীরা জানান, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। দাম্পত্য কলহ নিয়ে মাঝেমধ্যেই গ্রামের লোকজন ডেকে সালিস বসানো হতো।
কয়েকজন প্রতিবেশী বলেন, কয়েক মাস আগে ওই গৃহবধূ স্বামীর নির্যাতন সইতে না পেরে দুই সন্তানকে তাঁর বাবার বাড়িতে রেখে ঢাকায় গিয়ে পোশাক কারখানায় কাজ নেন। সেখানে চার মাস কাজ করার পর মুঠোফোনে যোগাযোগ করে স্বামী আবার তাঁকে বাড়িতে নিয়ে আসেন।
নির্যাতনের শিকার গৃহবধূ বলেন, ১ ফেব্রুয়ারি তিনি স্বামীর বাড়ি আসার পর স্বামী আবার নির্যাতন শুরু করেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে এক সহকর্মী তাঁকে ফোন করেন। স্বামী তাঁর কাছে ফোনের বিষয়ে জানতে চান এবং মুঠোফোনের সিমকার্ডটি ভেঙে ফেলতে বলেন। কিন্তু সিমকার্ডটি ভেঙে না ফেলায় স্বামী তাঁকে মারপিট শুরু করেন। একপর্যায় রাত ১১টার দিকে স্বামী তাঁকে কান ধরে ২০০ বার ওঠবস করতে বলেন। তিনি ২০ থেকে ২৫ বার ওঠবস করে ক্লান্ত হয়ে পড়েন। আর ওঠবস করতে না পারায় স্বামী রান্নাঘর থেকে বঁটি এনে তাঁর মাথার চুল কেটে দেন। সকালে স্বামী বাইরে চলে গেলে তিনি থানায় গিয়ে মামলা করেন।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সকাল ১০টার দিকে ওই নারী থানায় এসে ঘটনার বর্ণনা দেন। তাৎক্ষণিকভাবে এজাহার নিয়ে এক ঘণ্টা অভিযানের পর বলিদাপাড়া এলাকা থেকে শাহিনুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।