ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধার বিরুদ্ধে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে এ রায় দেন।হাইকোর্টের রায়ে ওই দুই আসামিকে খালাস দেওয়া হয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল।সকাল সাড়ে নয়টার দিকে বিচারপতিরা এজলাসে আসেন। পরে প্রধান বিচারপতি রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আপিল মঞ্জুর করা হলো। সংশ্লিষ্ট বিবাদীদের ক্ষেত্রে হাইকোর্টের রায় বাতিল করা হলো, বিচারিক আদালতের রায় বহাল রইল। পর্যবেক্ষণে আদালত বলেন, ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে।বেঞ্চের অপর পাঁচ বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী।রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি আনিসুল হক এবং দুই আসামির পক্ষে নিযুক্ত আইনজীবী আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। কারাগারে হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলীর ছেলে আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমও এ সময় উপস্থিত ছিলেন।প্রতিক্রিয়া: পরে রায়ের প্রতিক্রিয়ায় আনিসুল হক প্রথম আলোকে বলেন, এ রায়ের মধ্য দিয়ে জাতীয় চার নেতা হত্যার বিচার শেষ হয়েছে। হাইকোর্ট যাঁদের খালাস দিয়েছেন, আপিল বিভাগ তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছেন। বিচারিক আদালতেও তাঁদের মৃত্যুদণ্ড হয়েছিল। ফলে রিসালদার মোসলেহ উদ্দিনসহ তিন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকল। অপর আসামিদের বিষয়ে কী হবে—এমন প্রশ্নে তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় পেলে বিস্তারিত জানা যাবে।আনিসুল হক বলেন, আসামিরা পলাতক, তাঁদের খুঁজে বের করে রায় কার্যকর করতে হবে।মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, ‘এ রায়ে আমরা কিছুটা হলেও ন্যায়বিচার পেয়েছি। জেলহত্যার ক্ষেত্রে আমরা ষড়যন্ত্রের কথা বলেছিলাম, আজকের রায়ে সে কথা প্রমাণিত হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আপিল না করায় ষড়যন্ত্রকারীদের শাস্তি হয়নি।’জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের মেয়ে সাংসদ সিমিন হোসেন রিমি প্রথম আলোকে বলেন, ‘২০০৪ সালে বিচারিক আদালত রায় দেন। আমরা আগে থেকে বলে আসছি, ওই হত্যাকাণ্ডে ষড়যন্ত্র হয়েছে। তখন রায়ে ষড়যন্ত্রের বিষয়টি আসেনি। আমরা আশা করি, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।’আসামিপক্ষে নিযুক্ত আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা পুনর্বিবেচনার আবেদন করবেন।ঘটনাপ্রবাহ: ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ওই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও কামরুজ্জামানকে। পরদিন তৎকালীন উপকারা মহাপরিদর্শক আবদুল আউয়াল এ ব্যাপারে লালবাগ থানায় হত্যা মামলা করেন। এটি জেলহত্যা মামলা হিসেবে পরিচিত।২০০৪ সালের ২০ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত এ মামলার রায়ে পলাতক আসামি রিসালদার মোসলেহ উদ্দিন, দুই দফাদার মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান, শাহ্ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরকে খালাস দেওয়া হয়।এরপর ডেথ রেফারেন্স ও রায়ের বিরুদ্ধে আসামিদের আপিলের শুনানি শেষে হাইকোর্ট ২০০৮ সালের ২৮ আগস্ট রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী ও হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয় মোসলেহ উদ্দিনের। আট আসামি খন্দকার আবদুর রশীদ, শরিফুল হক ডালিম, এম বি নূর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী, আহম্মদ শরিফুল হোসেন, আবদুল মাজেদ, কিশমত হাশেম, নাজমুল হোসেন আনসারের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল থাকে। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত অপর চার আসামি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদকে অব্যাহতি দেওয়া হয়। বঙ্গবন্ধু হত্যা মামলায় ইতিমধ্যে এই চারজনের ফাঁসি কার্যকর হয়েছে।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিল অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করে রাষ্ট্রপক্ষ। ২০১১ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ সারসংক্ষেপ প্রস্তুত করে গত বছরের ১ নভেম্বর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়। ১৫ জানুয়ারি আপিলের ওপর শুনানি গ্রহণ শুরু হয়ে তা শেষ হয় ১৭ এপ্রিল।